অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ একাধিক দাবিতে শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হবে।
এ কর্মসূচির অংশ হিসেবে ছয়টি স্থানে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে একটি পথসভা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে। মিরসরাইয়ের এই পথসভায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির মো. আলাউদ্দিন সিকদার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের একটি হোটেলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক সভায় এ কথা জানান তিনি। এ সময় লংমার্চের প্রস্তুতি নিয়েও বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির।
তিনি বলেন, চট্টগ্রাম জেলার ২৪ টি জোনে নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এরমধ্যে মিরসরাইয়ের পথসভায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নেবেন। ইতিমধ্যে আমরা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বরতদের সাথে মতবিনিময় করেছি। পথসভা ও লংমার্চ ঘিরে যাতে কেউ কোন কষ্ট না পায় সেদিকে আমাদের নেতাকর্মীরা সচেষ্ট থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মো. নুরুল কবির। তিনি বলেন, লংমার্চ কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা থানা পুলিশের সঙ্গে মতবিনিময়সহ সকল প্রস্তুতি নিয়েছি। লংমার্চের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের ধুমঘাট সেতু থেকে বড় দারোগারহাট বাজার পর্যন্ত আমাদের নেতাকর্মীরা অবস্থান করবেন। পাশাপাশি মিরসরাই সদরে আয়োজিত পথসভায় কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন।
নুরুল কবির আরও বলেন, একটি সুশৃঙ্খল ও সফল পথসভা আয়োজনের লক্ষ্যে আমরা বিভিন্ন দায়িত্বে একাধিক কমিটি গঠন করেছি। নেতাকর্মীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কর্মসূচিটি সফল করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের এ্যাসিসটেন্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী, মিরসরাই উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি রেজাউল হক, সাধারণ সম্পাদক মফিজ উল্ল্যাহ নিজামী, এনসিপির মিরসরাই উপজেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন আজাদ, মিরসরাই উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি মাঈন উদ্দিন রায়হান, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের ছাত্রবিষয়ক সম্পাদক সাকিব হোসাইন প্রমুখ।
সময়ের আলো/আতা