ভারতের কলকাতা বিমানবন্দরে গোরক্ষপুরগামী ইন্ডিগোর একটি ফ্লাইটকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় উড্ডয়নের আগে বিমানের টয়লেট থেকে বোমা হামলার হুমকি দেওয়া একটি চিরকুট উদ্ধারের পর ফ্লাইটটির যাত্রা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
বিমানবন্দর সূত্র জানায়, গোরক্ষপুরের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতির সময় নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে বিমানটি পরীক্ষা করা হচ্ছিল। এ সময় টয়লেটের ভেতরে একটি কাগজের টুকরো পাওয়া যায়। এতে বিমানে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া ছিল।
চিরকুটটি পাওয়ার পর বিষয়টি দ্রুত পাইলট ও কেবিন ক্রুদের জানানো হয়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিমানে থাকা সব যাত্রীকে নিরাপদে নামিয়ে নিয়ে শুরু করা হয় ব্যাপক তল্লাশি।
তল্লাশিতে অংশ নেয় ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) ও বোমা শনাক্ত এবং নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। প্রশিক্ষিত কুকুরের সহায়তায় বিমানের ভেতরের বিভিন্ন অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হয়। নিরাপত্তাকর্মীরা বিমানের কোনো অংশই তল্লাশির বাইরে রাখেননি।
তবে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে হুমকির চিরকুটটি কে বা কারা এবং কী উদ্দেশ্যে বিমানে রেখে গেছে, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
বোমার হুমকির কারণে নির্ধারিত সময়ে কলকাতা থেকে গোরক্ষপুরের উদ্দেশে উড়তে পারেনি ইন্ডিগোর ফ্লাইটটি। নিরাপত্তা তল্লাশি ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ হওয়ার পর ফ্লাইটটি কখন গন্তব্যের উদ্দেশে ছাড়বে, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
সময়ের আলো/এসএকে