বউ-শাশুড়ির সম্পর্কের জটিলতা, পারিবারিক টানাপোড়েন, ভুল বোঝাবুঝি ও আবেগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নালিশ’। জান্নাতারা ফেরদৌস মিলার রচনায় এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। নাটকের প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান। তার বিপরীতে রয়েছেন তুহিন চৌধুরী। সম্প্রতি লেজার ভিশনে মুক্তি পেয়েছে নাটকটি।
নাটকটি প্রসঙ্গে পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘নালিশ’ মূলত একটি পারিবারিক আবেগঘন গল্প। বউ-শাশুড়ির সম্পর্কের নানা জটিলতা, ভুল বোঝাবুঝি, পারিবারিক টানাপোড়েন এবং বাস্তব জীবনের কিছু কঠিন সত্যকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প। গল্পের বিভিন্ন ঘটনায় সম্পর্কের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং সেই দূরত্ব থেকে জন্ম নেওয়া নানা প্রশ্নকে সামনে আনা হয়েছে।
পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া, বিবেক ও মানবিকতার গুরুত্বও তুলে ধরা হয়েছে নাটকটিতে। নাটকটি প্রসঙ্গে অহনা বলেন, নাটকটিতে শুধু বিনোদনই নয়, কিছু বার্তাও রয়েছে। বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পাবেন দর্শক। পারিবারিক সম্পর্কের আবেগ, ভুল বোঝাবুঝি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আশা করছি ‘নালিশ’ দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন কামরুন নাহার রুমা, নাসির উদ্দিন ভূঁইয়া, জাহিরুল হক, দীপ রাজ, সামিয়া আফরিন মৌ।
সময়ের আলো/এসএকে