প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেফতার কলেজশিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সিফাতের বক্তব্যের ভাষা সমর্থন না করলেও বিদ্যুৎ বিলসহ জনদুর্ভোগের বিষয়ে তার প্রতিবাদের সঙ্গে একমত জানিয়ে জামায়াত আমির বলেন, ‘অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেফতার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওরে ছেড়ে দেন। ভালোয় ভালোয় ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম উলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।’
তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এ বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।’
সমাবেশে ছয় দফার পাশাপাশি চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আরও একটি দাবি যুক্ত করার কথা জানান তিনি। একই সঙ্গে জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বাধা এলে তা মোকাবিলা করে গন্তব্যে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।
সময়ের আলো/এমকে