চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামির অভিযোগে দুই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবন করে মাতলামির অভিযোগে জয় দে (২৬) ও রাজীব নাথ (২৮) নামে দুই যুবককে আটক করা হয়।
সাজাপ্রাপ্ত জয় দে উপজেলার পূর্ব শাকপুরা গ্রামের বাসিন্দা। রাজীব নাথ সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী গ্রামের বাসিন্দা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় আটক দুই যুবককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে ।
তিনি জানান, উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।
সময়ের আলো/জোই