প্রায় দুই দশক পর আবারও রুপালি পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিষেক বচ্চন এবং রানী মুখোপাধ্যায়। শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘কিং’-এ দেখা যাবে তাদের। বিষয়টি চূড়ান্ত না হলেও খবর রটেছে বলিপাড়ায়। কৌতূহল বাড়িয়েছে দর্শকদের মাঝে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই বিগ-বাজেট সিনেমাটিকে ঘিরে ইতিমধ্যে সিনেপ্রেমীদের মাঝে উন্মাদনা সৃষ্টি হয়েছে। সিনেমাটিতে শাহরুখ খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন তার মেয়ে সুহানা খান। তবে সিনেমাটির সবচেয়ে বড় চমক হতে চলেছে এর কাস্টিং ও চরিত্রের সমীকরণ।
শোনা যাচ্ছে, ‘কিং’ সিনেমাতে অভিষেক বচ্চনকে দেখা যাবে সম্পূর্ণ এক নেতিবাচক বা খলনায়কের চরিত্রে। শাহরুখের মুখোমুখি দাঁড়িয়ে পর্দায় টক্কর দেবেন তিনি। অভিষেকের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রানী। বিনোদন দুনিয়ার সর্বশেষ গুঞ্জন বলছে, সিনেমাটিতে অভিষেক ও রানীকে একে অপরের বিপরীতে জুটি হিসেবেই কাস্ট করা হচ্ছে। অর্থাৎ পর্দায় খলনায়ক অভিষেকের সঙ্গেই রোমান্টিক সমীকরণে ধরা দিতে পারেন রানী। গল্পের মোড় ঘোরানোর পেছনে রানীর চরিত্রটি একটি বড় অনুঘটক হিসেবে কাজ করবে। ২০০৭ সালের ‘লাগা চুনারি মে দাগ’ সিনেমার পর অভিষেক ও রানীকে আর একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। ফলে প্রায় ২০ বছর পর এই জুটির প্রত্যাবর্তন ভক্তদের জন্য এক বিশাল উপহার।
শুধু তাই নয়, ২০০৬ সালের ‘কভি আলবিদা না কহেনা’ সিনেমার দীর্ঘ দুই দশক পর শাহরুখ খান এবং রানী মুখোপাধ্যায়কেও আবার একই ছবিতে দেখতে পাওয়ার আনন্দ দ্বিগুণ করে দিয়েছে দর্শকদের।
শাহরুখ, সুহানা, অভিষেক এবং রানী ছাড়াও এই তারকাবহুল সিনেমাতে দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর এবং জ্যাকি শ্রফের মতো হেভিওয়েট তারকাদের ক্যামিও বা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে, ‘কিং’ যে বক্স অফিসে ঝড় তুলতে এবং পুরোনো নস্টালজিয়া ফিরিয়ে আনতে পুরোপুরি প্রস্তুত তা বলাই বাহুল্য।
সময়ের আলো/প্রিন্ট/জেডি