যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে।
টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বাড়ার জন্য তিনি আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব বা গ্রিন নীতিকে দায়ী করেন। ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন দ্রুত খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কমিয়ে এনেছে।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করে যুক্তরাষ্ট্র জয়ী হলেই তেলের দাম আরও কমে যাবে।
ট্রাম্প বলেন, আমরা জিতব। আমরা জিতছি। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আমাদের হাতে।
বক্তব্যে ট্রাম্প আরও বলেন, পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এই জলপথটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত।
ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন, আমি নিশ্চিত, ইরানের নেতারাও এতে খুব খুশি হবে।
ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর মন্তব্য করে বলেন, দেশটি গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি’ বা ভয় দেখানোর রাজনীতি করেছে।
তবে তার দাবি, সেই পরিস্থিতি এখন বদলে গেছে।
ট্রাম্প বলেন, তারা আর সেই দাদাগিরি করতে পারছে না।
তার বক্তব্যের মূল বার্তা ছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে এবং যুদ্ধ শেষ হলে জ্বালানি তেলের দামও কমে আসবে।
সময়ের আলো/ইউএমএইচ