পূর্ব চীনের ছিংদাও বন্দরে রক্ষণাবেক্ষণের কাজে থাকা একটি বিদেশি পতাকাবাহী পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটের দিকে ছিংদাও শহরের একটি জাহাজ নির্মাণ ও মেরামত কারখানায় জাহাজটিতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার পর জাহাজের ভেতরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েন। তিন ঘণ্টার কিছু বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে উদ্ধারকারী দল।
দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দ্রুত ও সর্বাত্মক উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রী লি ছিয়াংও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে জোর দেওয়ার পাশাপাশি নতুন করে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আগুন লাগার পর জাহাজটি থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। ১৯০ মিটার দীর্ঘ জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট এটি ছিংদাও বন্দরে পৌঁছায়।
জাহাজটি কী কারণে আগুনে আক্রান্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার সময় সেখানে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল বলে জানা গেছে।
চীনে জাহাজ নির্মাণ ও মেরামতকেন্দ্রে দুর্ঘটনার এটি সাম্প্রতিক ঘটনা। এর আগে প্রায় এক মাস আগে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুচিয়েন প্রদেশের একটি জাহাজ নির্মাণ কারখানায় বিস্ফোরণে একজন উদ্ধারকর্মী নিহত ও ১২ জন আহত হন।
সময়ের আলো/জেডি