রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে রাজধানী থেকে রংপুর পর্যন্ত পাঁচ জেলায় পথসভা করার কর্মসূচি নেওয়া হয়েছে। সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর এই লংমার্চ অনুষ্ঠিত হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভা শেষে এসব তথ্য জানান ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। সেখানে উদ্বোধনী সভা হবে সকাল ৮টা পর্যন্ত। এরপর গাজীপুরের ভোগরাপাড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করবে ১১ দলীয় ঐক্য। দিন শেষে রংপুর জিলা স্কুল মাঠে হবে সমাপনী সমাবেশ।
হামিদুর রহমান আযাদ বলেন, বিরোধী দলের ছয় দফা এখন সাত দফায় পরিণত হয়েছে। আগের ছয় দফার সঙ্গে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি যুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, গ্যাস ও জ্বালানি সংকট, সার সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট নিয়ে সরকারকে বারবার প্রস্তাব দেওয়া হলেও তা আমলে নেওয়া হয়নি। সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐকমত্যের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রস্তুতি সভায় এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপাসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এমকে