পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
সভায় আসাদুল্লাহ আসাদ বক্তব্য দেওয়ার সময় তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের একাংশের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দেয়। পরে মন্ত্রী ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সভা শেষ হয়।
তবে সভার ওই ঘটনাকে কেন্দ্র করে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পক্ষে-বিপক্ষে নানা পোস্ট দেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এরই জেরে রাত ৯টার পর পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ওয়ালটন শোরুমসংলগ্ন এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/এসএকে