কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন মাদক কারবারি পালিয়ে যায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সাবরাং বাজারপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি বিক্রির উদ্দেশে ইয়াবার একটি চালান মজুত করে রেখেছে। এর ভিত্তিতে র্যাবের একটি দল রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা ফিরোজের লবণের মাঠের পাশের ওয়াব পিডিয়া ইটের সলিং রাস্তার এলাকায় যায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন মাদক কারবারি তাদের সঙ্গে থাকা পুরোনো লুঙ্গিতে মোড়ানো চারটি পোটলা ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পোটলাগুলো তল্লাশি করে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সময়ের আলো/এসএকে