গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে পৃথক চারটি ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনা করেছে দেশটির বন্দর কর্তৃপক্ষ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও কোস্টগার্ড সংস্থা ফ্রন্টেক্স। গাভদোস থেকে হেরাক্লিয়ন এবং লাসিথির দক্ষিণ উপকূল পর্যন্ত বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দক্ষিণ ক্রিটের উপকূলে পরিচালিত এসব অভিযানে মোট ২৩৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ ক্রিটের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে গাভদোসের দক্ষিণের সমুদ্র এলাকা, হেরাক্লিয়ন এবং লাসিথির দক্ষিণ উপকূল রয়েছে।
দুপুরের দিকে গাভদোসের দক্ষিণে সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা দেখতে পায় ফ্রন্টেক্সের একটি জাহাজ। পরে নৌকাটি থেকে ৬৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৬৩ জন পুরুষ, দুই নারী ও দুই শিশু ছিলেন।
হেলেনিক কোস্টগার্ডের একটি টহল নৌযানের সহায়তায় উদ্ধার হওয়া ব্যক্তিদের পালাইওখোরার তিগানি বন্দরে নেওয়া হয়। পরে চানিয়ার সেন্ট্রাল পোর্ট অথরিটির সদস্যদের পাহারায় বাসে করে তাদের চানিয়ার আগিয়ায় আবাসন কেন্দ্রে পাঠানো হয়। এ ঘটনায় প্রাথমিক তদন্ত করছে চানিয়ার সেন্ট্রাল পোর্ট অথরিটি।
এর আগে, দিনের শুরুতে কালই লিমেনেস, ইয়েরাপেত্রা ও আগিয়া গালিনির বন্দর কর্তৃপক্ষকে একটি বিপদগ্রস্ত নৌকার বিষয়ে সতর্ক করে গ্রিসের জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। নৌকাটি কালই লিমেনেসের প্রায় ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।
খবর পেয়ে হেলেনিক কোস্টগার্ডের একটি টহল নৌযান ঘটনাস্থলে গিয়ে ৬৭ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ৬৫ জন পুরুষ ও দুই শিশু ছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রথমে কালই লিমেনেসে নেওয়া হয়। পরে ফাইস্তোস পুলিশ বিভাগের সদস্যদের সঙ্গে তাদের হেরাক্লিয়ন বন্দরে স্থানান্তর করা হয়। এ ঘটনার প্রাথমিক তদন্ত করছে হেরাক্লিয়নের সেন্ট্রাল পোর্ট অথরিটি।
অন্য একটি ঘটনায় কালই লিমেনেস এলাকার সারি ফোরাদা সৈকত থেকে ৫১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪৭ জন পুরুষ ও চার শিশু ছিলেন। স্থানীয় স্পেশাল মিশনস ইউনিট এবং ভিয়ান্নোস পুলিশ বিভাগের সদস্যদের পাহারায় বাসে করে তাদের হেরাক্লিয়ন বন্দরে নেওয়া হয়।
প্রাথমিক তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ একটি আউটবোর্ড মোটর জব্দ করেছে। অভিবাসনপ্রত্যাশীদের পরিবহনে ব্যবহৃত নৌকাটি ধ্বংস করা হয়েছে।
অন্য একটি ঘটনা ঘটে ইয়েরাপেত্রায়। একটি ফোলানো নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীরা নেমে যাওয়ার পর কলোভ্রেখতিস সৈকতে তাদের উপস্থিতির বিষয়টি জানতে পারে স্থানীয় বন্দর কর্তৃপক্ষ।
পরে হেলেনিক কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৫০ জনকে উদ্ধার করেন। তাদের ইয়েরাপেত্রার একটি অস্থায়ী আবাসন কেন্দ্রে নেওয়া হয়। এ ঘটনার প্রাথমিক তদন্ত করছে ইয়েরাপেত্রা বন্দর কর্তৃপক্ষ।
চলতি বছরে এখন পর্যন্ত পূর্ব লিবিয়া থেকে যাত্রা করে ঝুঁকিপূর্ণ নৌকায় প্রায় ১৪ হাজার অভিবাসনপ্রত্যাশী ক্রিট দ্বীপে পৌঁছেছেন। এসব নৌকা পাচারকারী চক্রের সরবরাহ করা বলে জানা গেছে। একই সময়ে দেশজুড়ে মোট আগমনের সংখ্যা প্রায় ২৬ হাজার।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে গ্রিসেই সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন। তবে ইতালিতে মোট আগমনের সংখ্যা গ্রিসের চেয়ে কম হলেও চলতি বছরের জানুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলিতে ১৫ হাজারের বেশি মানুষ পৌঁছেছেন।
এর আগে, ২০২৫ সালের পুরো সময়ে গ্রিসে প্রায় ৪৯ হাজার মানুষ পৌঁছেছিলেন।
সময়ের আলো/ইউএমএইচ