কানাডাকে ইইউর ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব, ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। বুধবার ইউরোপীয়

2026-09-17T09:57:12+00:00
2026-09-17T09:57:12+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কানাডাকে ইইউর ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব, ট্রাম্পের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ এএম 
সংগৃহীত ছবি
কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। বুধবার ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, কানাডার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ‘দরজা খুলে দেওয়ার’ বিষয়ে কাজ করতে চান তিনি।

ভন ডার লেইন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু পরিবর্তন, ভূরাজনীতি, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি ও অর্থনৈতিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে ইইউ ও কানাডার সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি বলেন, ইউক্রেন, প্রতিরক্ষা, কাঁচামাল ও সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের অবস্থান কাছাকাছি এবং উভয়েই গণতন্ত্রে বিশ্বাস করে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত সপ্তাহে ইইউর সঙ্গে একটি ‘অনন্য জোট’ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। বুধবার ভন ডার লেইনের ভাষণের সময় তিনি স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বর্তমানে উত্তেজনাপূর্ণ। গত মাসে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার কথা বলে আসছেন, যা কানাডার পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে।

ইইউর সঙ্গে কানাডার ঘনিষ্ঠতার প্রস্তাবের প্রতিক্রিয়ায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিষয়টি যদি তিনি ‘বৈরী পদক্ষেপ’ হিসেবে দেখেন, তাহলে ইউরোপের ওপর ‘খুব কঠোর শুল্ক’ আরোপ করতে পারেন। তবে ভন ডার লেইন বলেছেন, কানাডার সঙ্গে এই সম্পর্ক কোনো পক্ষের বিরুদ্ধে জোট নয়, বরং নিজেদের সক্ষমতা ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ।

ইইউর ‘সহযোগী সদস্য’ হওয়ার কাঠামো বর্তমানে নেই। ফলে এমন কোনো ব্যবস্থা চালু করতে হলে কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা এখনো স্পষ্ট নয় এবং এতে কয়েক বছর সময় লাগতে পারে। জার্মানিসহ কয়েকটি দেশ এই নতুন ধরনের সদস্যপদ নিয়ে প্রশ্ন তুলেছে। কেউ কেউ বিদ্যমান বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তির ভিত্তিতে কানাডার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের পক্ষে।

ইইউর সঙ্গে কানাডার বাণিজ্যিক সম্পর্ক অবশ্য ইতোমধ্যে উল্লেখযোগ্য। কানাডা ও ইইউর মধ্যে বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির (সিইটিএ) বড় অংশ ২০১৭ সালে কার্যকর হয়। তবে চুক্তিটি এখনো ইইউর ১০টি সদস্যদেশের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ভন ডার লেইন একই ভাষণে ইউরোপীয় নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাবও দিয়েছেন। এতে যুক্তরাজ্য, ইউক্রেন, কানাডা ও নরওয়ের মতো দেশগুলোকে যুক্ত করার কথা বলা হয়েছে। রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইউরোপের নিরাপত্তা সহযোগিতা জোরদার করতেই এমন উদ্যোগের কথা বলেছেন তিনি।

এ ছাড়া ইউরোপে ব্যবসার ওপর আমলাতান্ত্রিক চাপ কমানো, এআই প্রযুক্তি নিয়ে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা এবং শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণের মতো বিভিন্ন প্রস্তাবও দিয়েছেন ভন ডার লেইন।

কানাডায় ইইউর সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে সাম্প্রতিক এক জরিপে আগ্রহের কথা উঠে এসেছে। তবে ইইউর পূর্ণ সদস্য হওয়ার বিষয়টি নিয়ে দেশটিতে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করছেন, ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতা কানাডার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে আরও জটিল করতে পারে এবং দেশের সার্বভৌমত্ব নিয়েও উদ্বেগ রয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   কানাডা  ইউরোপীয় ইউনিয়ন  ইইউ  উরসুলা ভন ডার লেইন  মার্ক কার্নি  ডোনাল্ড ট্রাম্প  সহযোগী সদস্য  কানাডা-ইইউ সম্পর্ক  যুক্তরাষ্ট্র  বাণিজ্য যুদ্ধ  শুল্ক  ইউরোপীয় পার্লামেন্ট  আন্তর্জাতিক বাণিজ্য 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: