ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে : প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশ

2026-09-17T22:59:25+00:00
2026-09-17T22:59:25+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে : প্রতিমন্ত্রী টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ পিএম 
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সংগৃহীত ছবি
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে। এর মাধ্যমে দেশের যুবসমাজ যাতে ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে, সে চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।   

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কোথাও কিন্তু মাদকের ফ্যাক্টরি নাই। এগুলো আসলো কোথা থেকে? পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার থেকে। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দেয় এবং দিচ্ছে, যাতে করে বাংলাদেশের যুবসমাজ ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে।

তিনি বলেন, আমরা কি আমাদের দেশ গড়ব, নাকি ধ্বংসের দিকে নিয়ে যাব? আমাদের প্রধানমন্ত্রী যে স্পিড ধারণ করেন, সবার আগে বাংলাদেশ। সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। 

মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, একজন বাবা কত কষ্ট নিয়ে বক্তব্য দিলেন, তার সন্তান মাদকের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে মাদকের অবস্থা ভয়াবহ। কোনো কোনো এলাকায় ২৩ শতাংশ। আমরা যদি এখন এই মাদকের লাগাম টেনে না ধরি, সচেতন না হই, একসময় এই দেশটি ভেঙে যাবে। 

তিনি আরও বলেন, আজকের উপস্থিত ছাত্রছাত্রীরা বড় হয়ে এই সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। আজকের সন্তানরা দেশ গড়ার কাজে নিজেকে সম্পৃক্ত না করলে, তাদের যদি টার্গেট না থাকে, তাহলে দেশ এগোবে কীভাবে? আর যদি ছাত্ররা নিজেদের ধ্বংস করে মাদকের দিকে ধাবিত হয়, তাহলে দেশ ঠিক থাকবে কি? 


মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঐশী পুলিশ কর্মকর্তার মেয়ে ছিলেন। এই মাদকে আসক্ত হয়ে তার বাবা-মাকে মেরে ফেলেছেন। এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। কোনোভাবেই মাদককে বাড়ানো যাবে না। মাদকের বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। 

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাড়ির পাশে ডাবের খোসা, পানির পাত্রসহ বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে থাকলে কয়েকদিন পর সেখানে ডেঙ্গুর মশা তৈরি হতে পারে। এসব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব। সচেতন হওয়া ছাড়া ডেঙ্গু প্রতিরোধের কোনো বিকল্প নেই।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ফ্যাসিস্ট সরকার এমন কোনো জঘন্য কাজ নেই, যে ১৭ বছরে সেটা তারা করে নাই। আজকে তাদের অনুশোচনা তো নেই-ই, উল্টো ঘোষণা দেয়, অমুক তারিখে আসবে। যে মানুষগুলোকে হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, একবারও অনুশোচনা হয় না? অথচ দেশে ফেরার চিন্তা করছেন, কোন জগতে আছেন আপনারা? 

ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ভারত  মিয়ানমার  মাদক  সালাউদ্দিন টুকু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: