শেষটা সুন্দর হয়নি মরিয়ম খাতুনের। এক রাশ হতাশা নিয়ে পৃথিবীর অধ্যায়ের ইতি টেনেছেন। ১৯ বছরেই জীবনের যবনিকাপাত ঘটানো মরিয়ম ছিলেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে সেই ফ্ল্যাটে মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠি পাওয়া যায়।
সেসব চিঠিতে নিজের কষ্টের বহিঃপ্রকাশ ঘটান মরিয়ম। স্পষ্ট উঠে আসে সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসঘাতকতার মতো ব্যাপার। নিজেকে ‘বোকা’ বলেও উল্লেখ করেন একটি চিঠিতে।
চিঠিতে মরিয়ম লেখেন, ‘সে ছিল অন্য নারীর স্বামী। কাগজে কলমে অধিকার ছিল তার বউ এর। অন্য কারও স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ। কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের।’
কেন এসব কথা বলেছেন মরিয়ম, তা তুলে ধরেন চিঠির শেষাংশে। ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয় বলেও জানান মরিয়ম।
চিঠির শেষাংশে তিনি লেখেন, ‘ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়। ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ।’
সময়ের আলো/জেকিউএফ