জেরুজালেমের কাছে ৫৩ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জেরুজালেমের উত্তর-পশ্চিমে অবস্থিত ফিলিস্তিনি শহর বিড্ডুতে বড় ধরনের অভিযান চালিয়ে অন্তত ৫৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (২১

2026-09-21T21:36:52+00:00
2026-09-21T21:36:52+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জেরুজালেমের কাছে ৫৩ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৬ পিএম 
জেরুজালেমে ৫৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : আরব নিউজ
জেরুজালেমের উত্তর-পশ্চিমে অবস্থিত ফিলিস্তিনি শহর বিড্ডুতে বড় ধরনের অভিযান চালিয়ে অন্তত ৫৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা ও বন্দিদের নিয়ে কাজ করা সংগঠনগুলো।  

ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী একটি বাড়ি দখল করে সেটিকে জিজ্ঞাসাবাদ ও আটকের কেন্দ্র হিসেবে ব্যবহার করে। সেখানে বেশ কয়েকজন তরুণকে আটক রাখা হয়।

অভিযানের সময় ইসরায়েলি সেনারা বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়িঘরের সম্পত্তির ক্ষতি এবং বাসিন্দাদের ওপর শারীরিক হামলার অভিযোগও উঠেছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, বিড্ডুতে ইসরায়েলি বাহিনীর বাড়ি তল্লাশি, বাসিন্দাদের আটক এবং ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ অব্যাহত ছিল।

সংগঠনটির দাবি, কয়েকজন ফিলিস্তিনিকে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে রাখা হয়। আটক ব্যক্তিদের কারও কারও হাতে হাতকড়ার দাগও দেখা গেছে। জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিদের মোবাইল ফোন তল্লাশি করে সেখানকার তথ্য ব্যবহার করে তাদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও করেছে সংগঠনটি।


প্রিজনার্স সোসাইটি আরও জানিয়েছে, গত দুই দিনে পশ্চিম তীরে ১০০ জনের বেশি ফিলিস্তিনিকে ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসব অভিযান মূলত বিড্ডু এবং রামাল্লার পূর্বে অবস্থিত আল-মুগাইয়ির এলাকায় চালানো হয়। জিজ্ঞাসাবাদ করা বেশিরভাগ মানুষকে পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির ভাষ্য, কখনো কখনো ফিলিস্তিনিদের কয়েক ঘণ্টা ধরে কঠিন পরিস্থিতিতে আটকে রাখা হয়। অভিযানের সময় কিছু বাড়িকে সামরিক ঘাঁটি বা সেনাদের থাকার জায়গা হিসেবেও ব্যবহার করা হয়।

এ ছাড়া ফিলিস্তিনিদের ‘জিম্মি’ ও ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগও করেছে সংগঠনটি।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর এবং তাদের সম্পত্তিতে ইসরায়েলি সহিংসতা বাড়ার সঙ্গে মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদও বেড়েছে বলে দাবি করেছে প্রিজনার্স সোসাইটি। তাদের মতে, এসব অভিযানের প্রভাব শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণির মানুষের ওপর পড়ছে।

ইসরায়েলি সূত্রের বরাতে জানা গেছে, পশ্চিম তীরে হালামিশ বসতির কাছে একদিন আগে একটি গুলির ঘটনায় একজন ইসরায়েলি নিহত এবং আরও কয়েকজন আহত হন। এর পরদিনই বিড্ডুতে এই অভিযান চালানো হয়।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের অভিযান ও হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই দিন হামাসের নেতৃত্বে যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর গাজা উপত্যকায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

এদিকে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা, বিশেষ করে পূর্ব জেরুজালেমের বাসিন্দারা, চলাচলে নানা ধরনের বিধিনিষেধের মুখে রয়েছেন। বিভিন্ন শহর ও গ্রামের প্রবেশপথে বন্ধ ও নিয়ন্ত্রণ আরোপের কারণে তাদের চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।


সূত্র : আরব নিউজ 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   জেরুজালেম  ইসরায়েল  ফিলিস্তিনি  আটক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: