ইতালিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, বছরে ২৩ লাখ টাকা বৃত্তি

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ইতালিতে উচ্চশিক্ষার আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পিএইচডি করার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব কাগলিয়ারি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ১৪৯টি পিএইচডি আসন রয়েছে।

2026-09-22T13:46:41+00:00
2026-09-22T13:46:41+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ইতালিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, বছরে ২৩ লাখ টাকা বৃত্তি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৬ পিএম 
ছবি : সংগৃহীত
ইতালিতে উচ্চশিক্ষার আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পিএইচডি করার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব কাগলিয়ারি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ১৪৯টি পিএইচডি আসন রয়েছে। এর মধ্যে ১২৮টি আসনে বৃত্তি দেওয়া হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীরাও সাধারণ বৃত্তির আসনে আবেদন করতে পারবেন।

বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ১৬ হাজার ২৪৩ ইউরো পাবেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২২ লাখ ৮৮ হাজার টাকা। ভালো ফলাফলের শর্তে সর্বোচ্চ তিন বছর এই বৃত্তি দেওয়া হবে। অর্থ মাসিক কিস্তিতে পরিশোধ করা হবে।

বৃত্তিপ্রাপ্ত পিএইচডি শিক্ষার্থীদের নিয়মিত ভর্তি ও শিক্ষা ফি দিতে হবে না। তবে এটি পুরোপুরি খরচমুক্ত নয়। ভর্তির সময় ১৬ ইউরো স্ট্যাম্প শুল্ক এবং প্রতিবছর ১৪০ ইউরো আঞ্চলিক শিক্ষা কর দিতে হতে পারে।

যেসব বিষয়ে পিএইচডি

পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক ও কম্পিউটার প্রকৌশল, ডেটা সায়েন্স, শিল্প প্রকৌশল, গণিত ও কম্পিউটার বিজ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিষয়ে পিএইচডির সুযোগ রয়েছে।

এ ছাড়া মলিকিউলার ও ট্রান্সলেশনাল মেডিসিন, পার্সোনালাইজড মেডিসিন, নিউরোসায়েন্স ও জনস্বাস্থ্য, পরিবেশ ও ওষুধবিজ্ঞান এবং পরিবেশবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়েও আবেদন করা যাবে।

ইনোভেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থনীতি ও ব্যবসা, আইনবিজ্ঞান, ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও আন্তর্জাতিক অধ্যয়নেও পিএইচডির সুযোগ রয়েছে। দর্শন, জ্ঞানতত্ত্ব ও মানববিজ্ঞান, সাহিত্য, ভাষাতাত্ত্বিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক অধ্যয়ন ছাড়াও গবেষণা ও সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক স্বাস্থ্য সক্ষমতা উন্নয়ন বিষয়েও আবেদন করা যাবে।

আবেদনের যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স বা সমমানের দ্বিতীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। যারা এখনো প্রয়োজনীয় ডিগ্রি অর্জন করেননি, তারাও আবেদন করতে পারবেন। তবে ভর্তি হওয়ার আগে এবং ২০২৬ সালের ৩১ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় ডিগ্রি অর্জন করতে হবে।

সাধারণভাবে শুধু স্নাতক ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তবে ইতালির প্রয়োজনীয় ডিগ্রির সমমানের একক ধারার ডিগ্রি গ্রহণযোগ্য হতে পারে।

আবেদনের সঙ্গে পূরণ করা আবেদনপত্র, ডিগ্রি সনদ, পূর্ণাঙ্গ নম্বরপত্র, বৈধ পাসপোর্ট ও জীবনবৃত্তান্ত দিতে হবে। বিদেশি শিক্ষাগত সনদের ইতালীয় বা ইংরেজি অনুবাদও জমা দিতে হবে। এ ছাড়া গবেষণা প্রস্তাব, প্রাসঙ্গিক প্রকাশনা এবং সনদ বা গবেষণার অভিজ্ঞতার প্রমাণ প্রয়োজন হতে পারে। প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ তিনটি একাডেমিক বা গবেষণা সুপারিশপত্রও দিতে হতে পারে।

বিদেশি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনে আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ছকে সুপারিশপত্র দিতে হবে। এসব চিঠি সুপারিশকারীকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে; আবেদনকারীর আপলোড করা সুপারিশপত্র গ্রহণ করা হবে না।

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে প্রথমে ইউনিভার্সিটি অব কাগলিয়ারির পিএইচডি বিজ্ঞপ্তি দেখে সংশ্লিষ্ট গবেষণার বিষয়, বৃত্তির আসন, যোগ্যতা ও নির্বাচন পদ্ধতি যাচাই করতে হবে। এরপর পিআইসিএ (PICA) আবেদন পোর্টালে নিবন্ধন করে সংশ্লিষ্ট পিএইচডি প্রতিযোগিতা ও আসনের ধরন নির্বাচন করতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ আকারে সংযুক্ত করতে হবে। ১ থেকে ২৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের বিষয়ভিত্তিক মূল্যায়ন করা হবে। আন্তর্জাতিক প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সুপারিশপত্র ও সাক্ষাৎকারের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

শিক্ষাগত যোগ্যতা, গবেষণার উপযোগিতা ও নির্বাচনী পরীক্ষার ফলের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হবে। দুই প্রার্থীর নম্বর সমান হলে বয়সে কম প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন ফি

আবেদন ফি ২৬ দশমিক ৮০ ইউরো, যা ফেরতযোগ্য নয়। একাধিক পিএইচডি প্রোগ্রামে আবেদন করলে প্রতিটির জন্য আলাদা আবেদন ও ফি দিতে হবে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইতালি  পিএইডি  বৃত্তি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: