মাদুরো গ্রেফতারের পর প্রথমবার রদ্রিগেজের সঙ্গে ট্রাম্পের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার

2026-09-23T09:41:27+00:00
2026-09-23T09:49:36+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মাদুরো গ্রেফতারের পর প্রথমবার রদ্রিগেজের সঙ্গে ট্রাম্পের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ এএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ৯:৪৯ এএম
ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার রাতে নিউইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বাহিনীর অভিযানে তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার পর ট্রাম্প ও রদ্রিগেজের মধ্যে এটিই প্রথম সরাসরি বৈঠক।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রিগেজের নেতৃত্বাধীন ভেনেজুয়েলার প্রতিনিধিদলে দেশটির অর্থনীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট, তেলমন্ত্রী এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর কর্মকর্তারা রয়েছেন। প্রতিনিধিদলের মূল লক্ষ্য ভেনেজুয়েলাকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় হিসেবে তুলে ধরা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রদ্রিগেজের এটিই প্রথম যুক্তরাষ্ট্র সফর। বুধবার বিকেলে সাধারণ পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস এবং প্রেসিডেন্টের সহকারী ও নীতিবিষয়ক উপপ্রধান স্টিফেন মিলার।

রদ্রিগেজ এর আগে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পের সঙ্গে তাঁর একটি কার্যকর সম্পর্ক তৈরি হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, ওয়াশিংটন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর নেতৃত্বাধীন বিরোধীদের পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তেল ও বিনিয়োগ চুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে। মঙ্গলবার নিউইয়র্কে একদল ভেনেজুয়েলীয় এ নিয়ে বিক্ষোভও করেন।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প মাদুরোকে ‘আইনভঙ্গকারী স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলায় শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। মার্কিন স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র তার ‘অতুলনীয় সামরিক শক্তি’ ব্যবহার করবে—এমন বার্তার উদাহরণ হিসেবেও ওই অভিযানকে তুলে ধরেন তিনি।

ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে তাঁর প্রশাসনের করা একটি তেল চুক্তিকে ‘সম্ভবত এ যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি’ বলে উল্লেখ করেন। দেশটির তেল খাতে ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনতে চান বলেও জানিয়েছেন তিনি।

এদিকে রদ্রিগেজ সোমবার নিউইয়র্কে পৌঁছানোর পর তাঁর প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পাশাপাশি বহুপক্ষীয় ঋণদাতা প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির সঙ্গে জ্বালানি, খনিজ সম্পদ ও ঋণ নিয়ে আলোচনা করছে। ভেনেজুয়েলার জন্য ২৫০ কোটি ডলারের ঋণ অনুমোদনের চেষ্টা করছে আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংক। তবে ব্যাংকের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য এতে আপত্তি জানিয়েছেন।

রদ্রিগেজের বিরুদ্ধে বিক্ষোভ
মঙ্গলবার জাতিসংঘের বাইরে ৫০ জনের বেশি মানুষ রদ্রিগেজের সফরের প্রতিবাদ করেন। তাঁদের হাতে ভেনেজুয়েলার পতাকা ও ‘ভোট না হলে তেল নয়’ এবং ‘নতুন মুখ, একই শাসন’ লেখা প্ল্যাকার্ড ছিল।

বিক্ষোভকারীদের অনেকে ভেনেজুয়েলায় অবাধ নির্বাচন আয়োজনের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান। তাঁরা ভেনেজুয়েলার জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি রদ্রিগেজকে উদ্দেশ করে স্লোগান দেন।

বিক্ষোভকারীদের একজন মিগুয়েল এদুয়ার্দো মার্তিনেজ বলেন, ভেনেজুয়েলার বর্তমান সরকারের কর্তৃপক্ষের সঙ্গে দেশটির শাসকগোষ্ঠীর একজন প্রতিনিধির বৈঠক হওয়া ‘আপত্তিকর’। তবে তাঁর মতে, বর্তমান মার্কিন সরকারের কারণে ভেনেজুয়েলা স্বাধীনতার এক ধাপ কাছাকাছিও এসেছে।

আরেক বিক্ষোভকারী সেসার কোয়েলো বলেন, রদ্রিগেজ ২০২৬ সালের ৩ জানুয়ারি থেকে রাজনীতিতে আসেননি; তিনি দুই দশকেরও বেশি সময় ধরে চাভিস্তা শাসনের সঙ্গে যুক্ত এবং এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

চাভিসমো হলো প্রয়াত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ প্রতিষ্ঠিত রাজনৈতিক আন্দোলন। কোয়েলো আশা প্রকাশ করেন, ট্রাম্প ও রদ্রিগেজের বৈঠকে শিগগিরই ভেনেজুয়েলায় নির্বাচন আয়োজনের বিষয়টি আলোচনা হবে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো/কেএইচ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: