এআইয়ের সঙ্গে লড়াইয়ে চীনের লাইভস্ট্রিম তারকা ‘লিপস্টিক কিং’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রায় এক দশক ধরে চীনের লাইভস্ট্রিম বাণিজ্যের অন্যতম মুখ লি জিয়াকি। ‘লিপস্টিক কিং’ নামে পরিচিত এই তারকা বিক্রেতা ১০ কোটির

2026-09-24T11:02:48+00:00
2026-09-24T11:02:48+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এআইয়ের সঙ্গে লড়াইয়ে চীনের লাইভস্ট্রিম তারকা ‘লিপস্টিক কিং’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ এএম 
ছবি : সংগৃহীত
প্রায় এক দশক ধরে চীনের লাইভস্ট্রিম বাণিজ্যের অন্যতম মুখ লি জিয়াকি। ‘লিপস্টিক কিং’ নামে পরিচিত এই তারকা বিক্রেতা ১০ কোটির বেশি অনুসারীর কাছে কোটি কোটি ডলারের প্রসাধনী পণ্য বিক্রি করেছেন। তবে খাতটির প্রবৃদ্ধি কমে আসা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারের মধ্যে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে লাইভস্ট্রিম বাণিজ্য।

২০১৬ সালে লাইভস্ট্রিমিং শুরু করা লি জিয়াকি বলেন, চার-পাঁচ বছর আগের মতো এই খাতের প্রবৃদ্ধি হয়তো আর বিস্ফোরক হবে না। তবে তার মতে, খাতটি এখন ‘স্থিতিশীল ও স্বাস্থ্যকর পর্যায়ে’ প্রবেশ করেছে।

চীনে ভোক্তা ব্যয়ের দুর্বলতার মধ্যেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি বছরের আগস্টে দেশটির খুচরা বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা জুলাইয়ে ছিল শূন্য দশমিক ৬ শতাংশ। ২০২৬ সালের প্রথম আট মাসে খুচরা বিক্রির প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ১ শতাংশ।

তবে এর মধ্যেও লাইভস্ট্রিমিং চীনের কেনাকাটার ধরন বদলে দিয়েছে। ২০২৫ সালে দেশটির অনলাইন খুচরা বিক্রির ৩৬ শতাংশের বেশি এসেছে এই মাধ্যম থেকে। ২০২১ সালে এই হার ছিল ১৮ শতাংশেরও কম।

ডিজিটাল পরামর্শক প্রতিষ্ঠান চোজানের প্রতিষ্ঠাতা অ্যাশলি দুদারেনক বলেন, খাতটি এখনো বাড়ছে, তবে সেই প্রবৃদ্ধি অর্জন করা আগের চেয়ে অনেক কঠিন। ভোক্তাদের অর্থ খরচ করাতে ব্যবসায়ীদের আরও বেশি প্রতিযোগিতা করতে হচ্ছে, অথচ তাদের বাজেট কমে গেছে।

এমন পরিস্থিতিতে লাইভস্ট্রিম বাণিজ্যে দ্রুত জায়গা করে নিচ্ছে এআই। ই-কমার্স প্ল্যাটফর্ম ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দিন-রাত লাইভে থাকতে সক্ষম ডিজিটাল উপস্থাপক ব্যবহার করছে। এতে মানব উপস্থাপকের তুলনায় খরচও অনেক কমছে।

চীনের ই-কমার্স প্রতিষ্ঠান জেডি ডটকম ২০২৫ সালের ডিসেম্বরে ব্যবসায়ীদের জন্য এআই উপস্থাপক সেবা বিনা মূল্যে চালু করে। প্রতিষ্ঠানটির দাবি, তিন মাসের মধ্যে এর ব্যবহার দ্রুত বেড়ে যায়। এআই উপস্থাপক ব্যবহারে লাইভস্ট্রিম পরিচালনার খরচ ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

লি জিয়াকি বলেন, এআই ইতোমধ্যেই লাইভস্ট্রিম বাণিজ্য খাত বদলে দিচ্ছে এবং তারা কীভাবে এ প্রযুক্তিকে নিজেদের ব্যবসায় যুক্ত করা যায়, তা নিয়ে কাজ করছেন।

তবে এআই মানব উপস্থাপকদের পুরোপুরি সরিয়ে দিতে পারবে বলে মনে করেন না তিনি। তার ভাষায়, ‘এআই সবসময় আমার গতকালের সংস্করণ, আর আজকের আমি নতুন ধারণা ও নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারি।’

তার মতে, মানব উপস্থাপকদের বদলে এআইকে দক্ষতা বাড়ানোর একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এমনকি রাতে একজন উপস্থাপকের এআই সংস্করণ দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, যখন মূল উপস্থাপক বিশ্রাম নেবেন।

ক্রেতার কেনাকাটার সিদ্ধান্তে প্রভাব বিস্তারের ক্ষেত্রেও এআইয়ের সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে লি জিয়াকির। তার মতে, মানুষ সবসময় চিন্তা করে এবং এআইও চিন্তা করে, তবে সেই চিন্তার ভিত্তি অতীতের মানব চিন্তা। তাই এআই ও লাইভস্ট্রিম বাণিজ্যকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখেন তিনি।

লাইভস্ট্রিমিং এজেন্সি রোমোমোর ২৩ বছর বয়সী উপস্থাপক লু লিনও মনে করেন, ক্রেতাদের আস্থা ও বিচারবোধ তৈরির ক্ষেত্রে ডিজিটাল উপস্থাপক এখনো মানুষের সমকক্ষ নয়।

তিনি বলেন, কোনো ক্রেতা নিজের উচ্চতা ও ওজন জানালে এআই হয়তো তাকে নির্দিষ্ট পোশাকের মাপ বেছে নিতে বলবে। কিন্তু একজন মানব উপস্থাপক আরও সূক্ষ্মভাবে বিষয়টি ব্যাখ্যা করতে পারেন। কারণ বিষয়টি শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, ক্রেতার সঙ্গে আস্থা তৈরি করাও গুরুত্বপূর্ণ।

এআই নিয়ে বিতর্ক চীন সরকারের নিয়ন্ত্রক সংস্থা ও ভোক্তাদের মধ্যেও চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এআই দিয়ে তৈরি কনটেন্ট স্পষ্টভাবে চিহ্নিত করার নিয়ম কার্যকর হয়েছে।

চীনের টিকটক হিসেবে পরিচিত বাইটড্যান্সের মালিকানাধীন দৌইন সম্পূর্ণ এআই-নির্ভর লাইভস্ট্রিম নিষিদ্ধ করেছে। একই সঙ্গে ডিজিটাল উপস্থাপক ব্যবহারের বিষয়টি প্রকাশ করার বাধ্যবাধকতাও রয়েছে।

কয়েকজন ইনফ্লুয়েন্সার তাদের পরিবর্তে এআই অবতার ব্যবহারের কথা প্রকাশ করার পর দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখেও পড়েছেন।

চোজানের প্রতিষ্ঠাতা দুদারেনকের মতে, মানব লাইভস্ট্রিম উপস্থাপক অনেকটা ‘বিলুপ্তপ্রায় প্রজাতি’ হয়ে উঠতে পারেন, তবে তারা পুরোপুরি হারিয়ে যাবেন না। এআই-নির্ভর কনটেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে ভোক্তারা বরং মানব উপস্থাপকদের স্বাভাবিকতা ও বিশ্বাসযোগ্যতার দিকে আবার ঝুঁকতে পারেন।

এদিকে খাতটির প্রবৃদ্ধির পাশাপাশি লাভজনকতাও এখন ব্যবসাগুলোর বড় অগ্রাধিকার হয়ে উঠেছে। রোমোমোর ভাইস প্রেসিডেন্ট ঝাং জুনলিং বলেন, শুরুতে যে ছাড়নির্ভর ব্যবসায়িক মডেল লাইভস্ট্রিম বাণিজ্যের প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছিল, সেই পর্যায় এখন পেরিয়ে যাচ্ছে।

তার মতে, মুনাফার হার কমে আসায় তারকা উপস্থাপকদের ওপর নির্ভরতা কমছে। তীব্র প্রতিযোগিতার মধ্যে বড় পরিসরের ব্যবস্থা, প্রযুক্তি ও পরিচালন সক্ষমতা এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

তিনি বলেন, প্রতিযোগিতা এখন আর শুধু আলাদা লাইভস্ট্রিম চ্যানেল বা উপস্থাপকদের মধ্যে সীমাবদ্ধ নেই।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  চীনের লাইভ বাণিজ্য  লিপস্টিক কিং  লি জিয়াকি  কৃত্রিম বুদ্ধিমত্তা  এআই  লাইভস্ট্রিমিং  ই-কমার্স  চীন  জেডি ডটকম  দৌইন  অনলাইন কেনাকাটা  ডিজিটাল বাণিজ্য 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: