বরগুনার পাথরঘাটায় সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলার মামলায় চার বছর পর ছয়জনকে ‘তদন্তে প্রাপ্ত আসামি’ হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গ্রেফতার ছয়জন হলেন— সবুজ শিকদার (৪০), রাজিব খান (২৫), রনি মোল্লা (৩৫), নাবিউল ইসলাম (২২), আল-আমিন কবিরাজ (২২) ও গহরপুর কামরুল ইসলাম (২২)। তারা সবাই বরগুনার পাথরঘাটার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর পাথরঘাটার সি অ্যান্ড বি বাজার এলাকায় তৎকালীন সংসদ সদস্য নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এতে নুরুল ইসলাম মনিসহ সাতজন আহত হন। তার গাড়িবহরে থাকা ছয়টি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং ছয়টি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনার প্রায় দুই বছর পর ২০২৪ সালের ১৩ অক্টোবর নুরুল ইসলাম মনির ভাতিজা মো. সোলায়মান বাদী হয়ে বরগুনার ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ২০২২ সালের হামলায় তাদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত এখনো চলমান।
মামলাটির তদন্তের ধারাবাহিকতায় ঘটনার চার বছর পর এ ছয়জনকে গ্রেফতার করা হলো।
সময়ের আলো/জেডি