নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্যানিটেশন ও অতি দরিদ্রদের জন্য ৭ হাজার ২৪৫ কোটি টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ৫০০ কোটি টাকা দেওয়া হবে।
রোববার পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভায় এসব অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ব্যাংক অর্থায়িত কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা সৃষ্টির জন্য ৫ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। মাঠ পর্যায়ে প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং বিভিন্ন ভ্যালু চেইনভিত্তিক কার্যক্রমে এ অর্থায়ন করা হবে। এর মাধ্যমে স্বল্প আয়ের জনগোষ্ঠীর দক্ষতা ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে ৫০০ কোটি টাকার সরকারি বরাদ্দের ভিত্তিতে পিকেএসএফ একটি বিশেষায়িত অর্থায়ন কার্যক্রম গ্রহণ করেছে। এ অর্থায়নের আওতায় সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণের জন্য ‘সৌরশক্তি’ নামে বিশেষায়িত ঋণ নীতিমালা অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। এ ছাড়া পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর অনুকূলে ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী ও কৃষিসহ বিভিন্ন খাতে প্রায় ২ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে।
সময়ের আলো/জেডআই