রাজধানীতে এলপিজি সিলিন্ডার সরবরাহে ঘাটতির অভিযোগ উঠলেও বাজারে সংকট নেই বলে দাবি করেছেন আমদানিকারক ও অপারেটররা। কৃত্রিম সংকট ঠেকাতে মজুতদারদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জ্বালানিমন্ত্রী।
বর্তমানে সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা। তবে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন বাজারে একই সিলিন্ডার ২ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সভায় এলপিজি আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন মন্ত্রী। এসব সমস্যা দ্রুত সমাধানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এলপিজি আমদানির ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন ইকবাল হাসান মাহমুদ। মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এলপিজি আমদানি হয়েছে। আর সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ টন।
সভায় আমদানিকারক ও অপারেটররা বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন।
সময়ের আলো/কেআই