গোলের আক্ষেপ হামজাদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

আফসোস, শুধু আফসোস! গোলের সুযোগ এসেছিল, আক্রমণও ছিল; কিন্তু জালে বল জড়াতে পারেনি বাংলাদেশ। শেষ বাঁশিতে তাই সিঙ্গাপুরের কাছে ১-০

2026-09-29T04:46:20+00:00
2026-09-29T04:46:20+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
গোলের আক্ষেপ হামজাদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৬ এএম 
ছবি : সংগৃহীত
আফসোস, শুধু আফসোস! গোলের সুযোগ এসেছিল, আক্রমণও ছিল; কিন্তু জালে বল জড়াতে পারেনি বাংলাদেশ। শেষ বাঁশিতে তাই সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হলো হামজাদের।

জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে আক্রমণাত্মক ফুটবলে সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি করে হামজা-জামালরা। দ্বিতীয় মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে সুযোগ তৈরি হলেও তা কাজে লাগানো যায়নি। ১৫ মিনিটে রাকিব হোসেন বক্সে ঢুকে পড়লেও সতীর্থদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাননি। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিঙ্গাপুর। ১৬ মিনিটে ইলহান ফান্দির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ৩৩ মিনিটে ফ্রি-কিক থেকেও গোলের সুযোগ তৈরি করে সিঙ্গাপুর। শ্রাবণের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। তবে দুই মিনিট পর আর রক্ষা হয়নি।

৩৫ মিনিটে ডানদিক থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে সিঙ্গাপুরকে এগিয়ে দেন রায়ান স্টুয়ার্ট। গোল হজমের পর আরও চাপে পড়ে বাংলাদেশ। ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর, তবে তাদের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতিতে ১-০ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেও বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে সিঙ্গাপুর। ৪৭ মিনিটে আবারও শ্রাবণের পরীক্ষা নেয় তারা। গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি সিঙ্গাপুর। আক্রমণে গতি বাড়াতে ৫৭ মিনিটে শেখ মোরসালিনকে তুলে মিনহাজুল করিমকে মাঠে নামান ডুলি। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় ২৪ বছর বয়সি এই ফুটবলারের। এরপর ৭১ মিনিটে শামিত সোম ও শুকি ইতোফুসাকে তুলে সোহেল রানা জুনিয়র ও ফাহমিদুল ইসলামকে নামানো হয়।

শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। বাঁ প্রান্তে ফাহমিদুলের গতিতে কয়েকবার সিঙ্গাপুরের রক্ষণে অস্বস্তি তৈরি হলেও শেষ পাসে ঘাটতি ছিল। ৭৯ মিনিটে তার বাড়ানো ক্রস থেকে রাকিবের হেডও দারুণভাবে ঠেকিয়ে দেন সিঙ্গাপুরের গোলরক্ষক। শেষ দিকে রক্ষণ ছেড়ে আক্রমণে উঠে আসেন হামজা চৌধুরী। কিন্তু সমতা ফেরানোর গোল আর আসেনি। যোগ করা ছয় মিনিটেও কাঙ্ক্ষিত গোলের দেখা না পেয়ে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠে বসে পড়েন হামজা। হতাশায় কিছুক্ষণ মাথা নিচু করে থাকতে দেখা যায় বাংলাদেশের এই মিডফিল্ডারকে। 

ম্যাচ শেষে বাংলাদেশের কোচ টমাস ডুলি কণ্ঠে তাই একজন স্ট্রাইকারের অভাবের আফসোস দেখা গেল। ডুলির ভাষায়, ‘আমাদের এমন একজন ভালো স্ট্রাইকার দরকার, যে সুযোগ কাজে লাগিয়ে গোল করতে পারবে। তবে এই ম্যাচে ছেলেরা চেষ্টা করেছে। দল যেভাবে ফুটবল খেলেছে তাতে আমি খুশি। আপনারা দেখেছেন তারা কতটা দৌড়ে খেলেছে এবং শেষ দিকে কতটা ক্লান্ত হয়ে পড়েছিল। এ কারণেই আমাকে সতেজ খেলোয়াড় মাঠে নামাতে হয়েছে।’


হারলেও খেলোয়াড়দের মাথা উঁচু রাখার বার্তা দিয়েছেন ডুলি। তার ভাষায়, ‘আমি খেলোয়াড়দের বলেছি মাথা উঁচু করে রাখতে হবে। এটা একটি হার, এখান থেকে শেখার অনেক কিছু আছে।’ সেট পিস থেকে গোল না পাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘আমরা ক্যাম্পে সেট পিস নিয়ে অনুশীলন করেছি। কিন্তু বৃষ্টির কারণে দুটি সেশন ঠিকমতো করা সম্ভব হয়নি। ম্যাচে সুযোগ কাজে লাগাতে না পারলেও ফ্রি-কিক কিংবা কর্নার নেওয়ার কৌশল ছেলেদের জানা আছে।’

ডুলির মতে, আসিয়ান কাপে বাংলাদেশ ছুটি কাটাতে আসেনি। তিনি বলেন, ‘আমরা এখানে ছুটি কাটাতে আসিনি। উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে লড়াই করতে এসেছি। মাঠে আট-নয়জন খেলোয়াড় দিয়ে লড়াই করা যায় না, সবাইকে শতভাগ দিতে হয়। আজ (গতকাল) প্রথম সেকেন্ড থেকেই প্রত্যেকেই লড়াই করেছে। স্পেস বন্ধ করেছে এবং বলের পেছনে ছুটেছে।’

গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণও এই আসরকে ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমরা সাফের প্রস্তুতি হিসেবে এখানে এসেছি এবং কোচের পরিকল্পনা অনুযায়ী চেষ্টা করছি। কিন্তু দুঃখজনকভাবে দুই ম্যাচই হেরে গেছি। সাফে যেহেতু আরও সময় আছে, তাই এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারব।’

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   গোলের আক্ষেপ হামজাদের  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: