রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। সাদেক সিদ্দিকী পরিচালিত এই সিনেমায় একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন অণিমা রায়। ‘জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে’ শিরোনামের গানটিতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নির্ঝর চৌধুরী। গানটির সংগীতায়োজন করেছেন শেখ সাদী খান। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নির্মাতা সাদেক সিদ্দিকী জানিয়েছেন, গল্পের ধারাবাহিকতায় এই গানটির প্রয়োজন ছিল। এ জন্যই গানটি নেওয়া হয়েছে। গানটি সিনেমার ভিন্ন মাত্রা যোগ করবে।
গানটি প্রসঙ্গে শিল্পী অণিমা রায় বলেন, আগেও আমি বেশ কয়েকটি সিনেমায় গান করেছি। তার মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন অভিনীত কলকাতার ‘রিইউনিয়ন’ সিনেমার ‘হৃদয়ের এ কূল, ও কূল’ গানটি বিশেষভাবে আলোচিত হয়েছিল। এ ছাড়া ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় ‘নব আনন্দে জাগো’, ‘অসম্ভব’ সিনেমায় ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’, ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় ‘ভেঙে মোর ঘরের চাবি’সহ বেশ কিছু গান গেয়েছি। দেনা পাওনা সিনেমায় শেখ সাদী স্যারের সংগীত আয়োজনে রবীন্দ্রসংগীত গাইলাম। সুরসংগত আধুনিক তবে গানের কথা ও সুরকে প্রাধান্য দিয়ে করা হয়েছে। সুন্দর হয়েছে গানটি। আমি সবসময় প্রত্যাশা করি রবীন্দ্রনাথের গান বেশি করে আমাদের সিনেমায় ব্যবহৃত হোক। কারণ, রবীন্দ্রনাথ যেভাবে সবার কথা সর্বসময়ের গভীরে অনুভূতিতে ব্যক্ত করেছেন তা এই প্রজন্মের কাছে পৌঁছে দিতে সিনেমার চেয়ে বড় মাধ্যম আর নেই।
নির্ঝর চৌধুরী বলেন, অণিমা আমার ছোটবেলার বন্ধু। স্টেজ শোতে তার সঙ্গে অনেকবার গেয়েছি। এবারই প্রথম কোনো সিনেমার জন্য আমরা একসঙ্গে গাইলাম। তাও আবার শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যারের মিউজিক অ্যারেঞ্জমেন্টে। তার সঙ্গে কাজ করাটাও বড় প্রাপ্তি। সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা হলো।
সময়ের আলো/প্রিন্ট/কেআই