তিন কোটি টাকা নিয়ে সমিতির সভাপতি উধাও, বিপাকে কাপাসিয়ার হাজারো গ্রাহক

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নসহ আশপাশের সাতটি ইউনিয়নের সদস্যদের নিয়ে গড়ে ওঠা ‘শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে’র প্রায় তিন কোটি

2026-09-30T15:44:16+00:00
2026-09-30T15:44:16+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
তিন কোটি টাকা নিয়ে সমিতির সভাপতি উধাও, বিপাকে কাপাসিয়ার হাজারো গ্রাহক
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম 
শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। ছবি : সময়ের আলো
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নসহ আশপাশের সাতটি ইউনিয়নের সদস্যদের নিয়ে গড়ে ওঠা ‘শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে’র প্রায় তিন কোটি টাকা নিয়ে সভাপতি আবুল হাসেম উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে নিজেদের জমা টাকা ফেরত পাওয়া নিয়ে বিপাকে পড়েছেন সমিতির হাজারো সদস্য।

সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর সমিতিটির সদস্য সংখ্যা ছিল ৪৯৬ জন। বর্তমানে তা বেড়ে প্রায় এক হাজারে দাঁড়িয়েছে। ১৫ শতাংশ মুনাফার প্রলোভনে বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে অনেকে সমিতিতে জমা রেখেছিলেন। সদস্যদের দাবি, সমিতিটির বর্তমান মূলধন প্রায় ১০ কোটি টাকা।

গত ১৭ সেপ্টেম্বর সমিতির কার্যালয়ে তালা দিয়ে সভাপতি আবুল হাসেম চলে যাওয়ার পর থেকে অফিসটি বন্ধ রয়েছে। জমা টাকা ফেরত পাওয়ার আশায় প্রতিদিন কার্যালয়ে এসে অপেক্ষা করছেন সদস্যরা। এরই মধ্যে দুই সদস্য থানায় ও আদালতে মামলা করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কাপাসিয়ার রাওনাট বাজারে সমিতির কার্যালয়ে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনের নিচের দোকানপাট এবং ওপরের তলায় থাকা সমিতির অফিসসহ সবকিছু তালাবদ্ধ। ভবনটিতে সমিতির কার্যক্রম চলার কোনো চিহ্নও দেখা যায়নি।

সমবায় অফিস সূত্রে জানা যায়, ২০১০ সালে ১০৯৮ নম্বর নিবন্ধনের মাধ্যমে সমিতিটির কার্যক্রম শুরু হয়। এরপর আশপাশের সাতটি ইউনিয়নের বহু মানুষকে সদস্য করা হয়। ১৫ শতাংশ মুনাফা দেওয়ার কথা বলে সদস্যদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সমিতিটির মূলধন বাড়ানো হয় বলে জানিয়েছেন সদস্যরা।

সমিতির বর্তমান সভাপতি আবুল হাসেম (৪৬) কাপাসিয়া থানার দড়িমেরুন গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

রাওনাট বাজার সমিতির সভাপতি সফিকুল আলম বলেন, আবুল হাসেম পালিয়ে গেছেন। বর্তমানে সমিতির সদস্যরা টাকার জন্য পাগলের মতো ঘুরছেন। বহু নারী-পুরুষ বাজারে এসে সারাদিন সমিতির সামনে অপেক্ষা করছেন জীবনের শেষ সম্বলটুকু উদ্ধারের জন্য।

সমিতির সদস্য স্থানীয় বরুন গ্রামের সালমা বেগম ও সুবর্ণা আক্তার জানান, তারা দুজন মিলে সমিতিতে এক লাখ আট হাজার টাকা জমা রেখেছিলেন। তাদের অভিযোগ, সভাপতি টাকা নিয়ে পালিয়ে গেছেন।

একই অভিযোগ করেছেন চাপাত মাঝিবাড়ি গ্রামের নিখিল দাস। তিনি জানান, সমিতিতে তার দুই লাখ ১০ হাজার টাকা জমা ছিল।


ফুলবাড়িয়া গ্রামের আ. হকের মেয়ে নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি সমিতিতে ছয় লাখ টাকা জমা রেখেছেন। টাকা ফেরত না পাওয়ায় তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুই সদস্য অভিযোগ করেন, গাজীপুর জেলা সমবায় অফিসের অধীন সমিতিগুলো নিয়মিত পরিদর্শন ও নির্বাচন করার কথা থাকলেও তা করা হচ্ছে না। একই সঙ্গে বিভিন্ন বিষয়ে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে তাদের।

সভাপতি আবুল হাসেমের উধাও হওয়ার বিষয়ে কাপাসিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল আমিন বলেন, এই সমিতির সভাপতি আবুল হাসেম। গ্রাহকদের তথ্য অনুযায়ী, তিনি তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। তার মোবাইলফোন বন্ধ পাওয়া যাচ্ছে। আমরা কীভাবে অফিসটি খোলা যায়, সে বিষয়ে চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত সদস্যরা থানায় ও গাজীপুর আদালতে দুটি মামলা করেছেন। সমবায় অফিসও বিষয়টি তদন্ত করছে। গত বছর সমিতির সদস্য সংখ্যা ৪৯৬ জন ছিল জানিয়ে তিনি বলেন, বর্তমানে সদস্য সংখ্যা কত, তা তার জানা নেই। তবে সমিতিতে ১৪ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করতেন।

এ বিষয়ে গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপা বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। ওই সমিতির কতজন সদস্য, মূলধন কত, জরিপ বা অডিট হয় কি না—সেটাও জানা নেই।

ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. আব্দুল ওয়াহেদ বলেন, এ ধরনের ঘটনা ঘটার পর যদি জেলা সমবায় কর্মকর্তা কিছু জানেন না বলে থাকেন, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

সমিতির সভাপতি আবুল হাসেমের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   তিন কোটি টাকা নিয়ে সমিতির সভাপতি উধাও  বিপাকে হাজারো গ্রাহক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: