চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীররাতে বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় চুরি যাওয়া বিভিন্ন পূজার কিছু সামগ্রীও উদ্ধার করা হয়। তবে স্বর্ণালংকার উদ্ধার করা যায়নি।
গ্রেফতাররা হলেন, মো. রুহুল, ইউসুফ, শাহাবুদ্দিন ও মো. হাশেম। তারা সবাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে তিনটি পিতলের ঘট, দুইটি পিতলের পঞ্চবটি প্রদীপ, দুইটি পিতলের ত্রিশূল, একটি পিতলের ঘণ্টা, ছয়টি পিতলের সরই, ছয়টি স্টিলের ছোট-বড় প্লেট, দুইটি স্টিলের চামচ, একটি পিতলের কাঁসা, একটি পিতলের বড় ঘট-বদনা, একটি পিতলের কাঁসার গামলা, একটি পিতলের গ্লাস, ছয়টি পিতলের ছোট থালা, একটি পিতলের কুঁসা, একটি পিতলের স্ট্যান্ড, একটি পিতলের আরতি, একটি পিতলের দুর্গা মূর্তি, দুইটি পিতলের বড় থালা, চারটি পিতলের বাঁটি, পাঁচটি ছোট বড় স্টিলের গামলা, মন্দিরের প্রণামি বাক্সে থাকা নগদ ১২ টাকা, ও আসামিদের চুরির কাজে ব্যবহৃত একট সিএনজি চালিত অটোকিশা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। তবে স্বর্ণালংকারগুলো উদ্ধার সম্ভব হয়নি। সম্প্রতি ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনাগুলো নিয়েও তদন্ত চলছে। আমরা অনেকদূর এগিয়েছি।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে তিনটি ঘট, ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেটসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যায়।
জানাগেছে, চুরি যাওয়া স্বর্ণালংকারের ওজন আনুমানিক দুই থেকে আড়াই ভরি।
সময়ের আলো/জোই