রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্যসহ মোট ৪২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, একই সময়ে রাজধানীতে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগ থেকে সবচেয়ে বেশি ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তেজগাঁওয়ে ৬২, ওয়ারীতে ৪৬, রমনায় ৪২, লালবাগে ৪১, মতিঝিলে ৩৯, উত্তরা ৩৮, গুলশানে ৩৬, গোয়েন্দা বিভাগে পাঁচ এবং সিটিটিসিতে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে দুটি সুইচ গিয়ার চাকু, ৩৮৬টি ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/এমকে