প্রত্যাহার করা উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শুক্রবার ছুটির দিনেও বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শত শত শিক্ষার্থী।
শুক্রবার চলমান আন্দোলনের একাদশ দিনে গড়িয়েছে। এদিন বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিল থেকে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ স্লোগান দেন। মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
শিক্ষার্থীরা বলেন, সরকার বা প্রশাসন সংকট নিরসনের উদ্যোগ নিচ্ছে না। তবে দাবি আদায়ে কোনো ছাড় দেয়া হবে না। আমাদের ক্লাস-পরীক্ষা সবকিছু বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে না ফেরার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরের কর্মসূচিতে স্লোগানে স্লোগানে মুখর ছিল ক্যাম্পাস।
আন্দোলন শুরু হয় গত ২২ সেপ্টেম্বর থেকে। ওই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। পালন করা হচ্ছে নানা ধরনের কর্মসূচি।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ২১ সেপ্টেম্বর তাকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য করা হয়। ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
পরে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে তারা কম্পলিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় শাটডাউন ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি। শিক্ষার্থীদের কর্মসূচির সাথে শিক্ষক কর্মকর্তারাও যোগ দিয়েছেন। কার্যত অচল হয়ে পড়েছে চুয়েট।
সময়ের আলো/এনএন