মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার করেছে ৪৭ বিজিবি। শনিবার (৩ অক্টোবর) ভোরে এ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মন্ডলপাড়া মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,২৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩২০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য ৩,৯৫,০০০/- (তিন লক্ষ পঁচানব্বই হাজার) টাকা। গাংনী থানায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামাল জমা দেওয়া হয়েছে।
এছাড়াও কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা পরিচালনার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।
সময়ের আলো/এনএন