যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে নিখোঁজ হওয়া একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ছয়জন ছিলেন। তাদের মধ্যে চারজন কানাডার এবং দুজন বারমুডার নাগরিক।
শনিবার স্থানীয় সময় রাত ১টার কিছু পর বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাওয়ার সময় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিবিসিকে এ তথ্য জানিয়েছে।
নিখোঁজ বিমানটির সন্ধানে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের উপকূলের কাছে নান্টাকেট দ্বীপের আশপাশে তল্লাশি চলছে। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, নান্টাকেটের উপকূলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রাতভর জাহাজ, হেলিকপ্টার ও বিমান দিয়ে তল্লাশি চালানো হয়েছে।
বিমানে থাকা সবার স্বজনকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে উড্ডয়ন করে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১টা ৩০ মিনিটে অবতরণের কথা ছিল।
কোস্টগার্ডের প্রকাশ করা বিমানটির নম্বর অনুযায়ী, এটি ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্সেসের। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশ থেকে রোগীদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক মেডিকেল ফ্লাইট পরিচালনা করে।
প্রতিষ্ঠানটির ফ্লাইট অপারেশনস পরিচালক ক্ল্যারেন্স টোগারেটজ কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজকে জানান, বিমানে দুই পাইলট ও দুই চিকিৎসাকর্মী ছিলেন। তারা বারমুডায় গিয়েছিলেন একজন রোগী ও তার এক স্বজনকে নিয়ে আসতে। ওই রোগী ও তার স্বজন কানাডার নাগরিক নন।
ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটির উচ্চতা দ্রুত কমে যায়। প্রায় ৭ হাজার ৩০০ মিটার উচ্চতা থেকে বিমানটি নেমে প্রায় ৩ হাজার ৩০০ মিটারে চলে আসে।
বোস্টন গ্লোব জানিয়েছে, বিমানটির পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মধ্যে যোগাযোগে সমস্যার ইঙ্গিত পাওয়া গেছে। পাইলটের কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না। একপর্যায়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার জানতে চান, পাইলট জরুরি অবস্থা ঘোষণা করছেন কি না। পরে নিশ্চিত করা হয়, পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।
স্থানীয় ফায়ার সার্ভিসের একজন প্রেরণকর্মীও জরুরি কর্মীদের বিমানটির সম্ভাব্য বৈদ্যুতিক সমস্যার বিষয়ে প্রস্তুত থাকতে বলেছিলেন। পরে তিনি জানান, বিমানটির রেডিও ও রাডার দুই ধরনের যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে গেছে।
মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে এ ঘটনায় আরও তথ্য জানানো হবে।
সময়ের আলো/জেডি