চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার প্লট রক্ষা করে যোগাযোগব্যবস্থার উন্নয়নে ১ হাজার ২০০ মিটার দীর্ঘ একটি বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে। আবাসিক এলাকা কল্যাণ সমিতির নিজস্ব অর্থায়নে খালপাড় ঘেঁষে ২০ মিটার প্রশস্ত সড়কটি নির্মাণ করা হয়। শনিবার বিকেলে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির উদ্বোধন করেন।
জঙ্গল সলিমপুর এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চারটি প্রধান সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত একটি সংযোগ সড়কের নির্মাণকাজ চলছে। তবে সেনাবাহিনীর প্রস্তাবিত সড়কের এলাইনমেন্টে আবাসিক এলাকার বেশ কিছু প্লট পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্লট মালিকরা।
প্লট মালিকদের দাবি, প্রস্তাবিত এলাইনমেন্ট অনুযায়ী সড়ক নির্মাণ করা হলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় আবাসিক এলাকার ভেতর দিয়ে সড়ক না নিয়ে খালপাড় ঘেঁষে নিজেদের অর্থায়নে নির্মিত বিকল্প সড়কটির সঙ্গে সেনাবাহিনীর প্রস্তাবিত সড়কের এলাইনমেন্ট সমন্বয়ের জোরালো দাবি জানিয়েছেন সমিতির নেতারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, তিনি এর আগেও এলাকাটি পরিদর্শন করেছেন এবং কোর মিটিংয়েও বিকল্প সড়কের প্রস্তাব তুলে ধরেছেন। এ সময় তিনি প্লট মালিকদের দ্রুত সেখানে আবাসন নির্মাণের কাজ শুরু করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সিলিমপুর আবাসিক এলাকায় সুপেয় পানি, শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগব্যবস্থার বিদ্যমান সংকট নিরসনে কাজ চলছে।
সময়ের আলো/এনএন