কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনটি গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
সম্প্রতি কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা চাঁদাবাজি, মারামারি ও এলাকায় আতঙ্ক সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে জড়িত।
কোতোয়ালি থানা এলাকায় ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০)কে গ্রেফতার করা হয়। চৌদ্দগ্রামে ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাফর আহমদ (২৩) এবং মনোহরগঞ্জে ‘PX 10’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের প্রধানদের আটক করা হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/এনএন