প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান, ঝুমুরের মৃত্যু

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা এক সন্তানের জননী ঝুমুর খানম সেতু (২৭) মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল

2026-10-05T22:56:27+00:00
2026-10-05T22:56:27+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান, ঝুমুরের মৃত্যু
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ পিএম 
ঝুমুর ও শাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা এক সন্তানের জননী ঝুমুর খানম সেতু (২৭) মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঝুমুর বরিশালের গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার মৃত হারুন কাজীর ছেলে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের স্ত্রী। আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে ঝুমুরের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ বছর আগে শাহারিয়ার বিয়ে হয়। তাঁদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

ঝুমুরের পরিবারের সদস্যরা জানান, রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করেন তিনি। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে সোমবার বেলা ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঝুমুরের বাবা করিম খান অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়ে জামাতা, শাশুড়ি, ননদ ও ননদের স্বামীসহ পরিবারের সদস্যদের মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। এর মধ্যে শাহারিয়া কাজের সুবাদে কুয়েতে চলে যান। এরপর পরিবারের সদস্যদের প্ররোচনায় ঝুমুরের ওপর মানসিক নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

করিম খান আরও বলেন, বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, পাঁচশ বরযাত্রী না আনা এবং ঝুমুর দেখতে সুন্দরী না হওয়ার মতো বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাঁকে মানসিক নির্যাতন করা হচ্ছিল। একপর্যায়ে মেয়েসহ তাঁকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে ঝুমুর মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।

ঘটনার রাতে শাহারিয়া ভিডিও কলে ঝুমুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাঁকে বিষপান করে মারা যেতে বলেন বলে অভিযোগ করেন করিম খান। এরপর মানসিক নির্যাতন সইতে না পেরে পরিবারের সদস্যদের অজান্তে ঝুমুর বিষপান করেন বলে দাবি করেন তিনি।

করিম খান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ঝুমুরের একমাত্র ২০ বছর বয়সী ভাই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ভাইয়ের শোক কাটিয়ে ওঠার আগেই ঝুমুরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   প্রবাসী স্বামী  ভিডিও কল  বিষপান  ঝুমুরের মৃত্যু  বানারীপাড়া  বরিশাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: