যশোরের শার্শায় মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেইনট্রি কড়ই গাছে সজোরে ধাক্কা দিলে গাড়ির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ৬টার সময় যশোর-সাতক্ষীরা মহাসড়কের উলাশি খাজুরা জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত হেলপারে নাম আরিফ। তিনি বগুড়া জেলার শেরপুর থানার নয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালকের নাম রানা (৪০), তিনি একই জেলার ধুনট থানার চরশিমুল গ্রামের মজনু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে নাভারন থেকে সাতক্ষীরাগামী মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানটি খাজুরা জামে মসজিদের সামনে পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে সজোরে আঘাত করে। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার দুজনেই মারাত্মক আহত হন।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নিজাম উদ্দিন হেলপার আরিফকে মৃত ঘোষণা করেন।
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল পাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে আছে এবং মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
সময়ের আলো/এনএন