গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের একজন গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে এবং অন্যজন কাছাকাছি একটি পৃথক হামলায় নিহত হন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ইসরায়েলি সামরিক বাহিনী রয়টার্সকে জানিয়েছে, ওই দুটি হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছিল সশস্ত্র যোদ্ধাদের।
হামলাগুলো এমন সময় হলো, যখন দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকীর এক দিন বাকি। ওই হামলার পরই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।
হামাসের নেতৃত্বে চালানো ৭ অক্টোবরের হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭৪,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন।
ইসরায়েল বলছে, হামাস আবারও অস্ত্র সংগ্রহ করছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল হামাসের বিরুদ্ধে হামলা জোরদার করেছে।
তবে হামাস ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, হামাস কোনো হামলা চালানোর চেষ্টা করছে না বা নতুন করে অস্ত্রভাণ্ডার গড়ে তুলছে না। একই সঙ্গে হামাসের অভিযোগ, ইসরায়েল গাজা-সংক্রান্ত শান্তি চুক্তিকে দুর্বল করছে।
গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তিতে অঞ্চলটির পুনর্গঠনের কথা বলা হয়েছিল। কিন্তু সংঘাতের অবসান ঘটাতে করা চুক্তির বাস্তবায়নে খুব সামান্য অগ্রগতি হয়েছে। ওই চুক্তির মধ্যে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ও রয়েছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েল বলেছে, একই সময়ে গাজায় সশস্ত্র যোদ্ধাদের হাতে তাদের চারজন সেনা নিহত হয়েছেন।
সময়ের আলো/ইউএমএইচ