মুন্সীগঞ্জ সদরে এক কাজীকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতা রাজীব হোসেন অপু ও তার সহযোগী স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত জেলা শহরের উপকন্ঠ পঞ্চসারের মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাজিব হোসেন অপু (৩৪) ও তার সহযোগী মো. স্বপন (৩৫)। গ্রেফতারকৃত যুবদল নেতা রাজিব মুক্তারপুর এলাকার চুন্নু মিয়ার ছেলে ও সহযোগী স্বপন একই এলাকার লাল মিয়ার ছেলে।
চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়ায় মঙ্গলবার (৬ অক্টোবর) যুবদল নেতা রাজিবকে বহিষ্কার করা হয়েছে। এদিন দুপুরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এ পত্রে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছে। ওই পত্রে অনৈতিক অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
জানা গেছে, সোমবার দুপুরে যুবদল নেতার নেতৃত্বে ৩ টি মোটর বাইকে করে এসে কাটাখালীর এলাকার বাড়ি থেকে সাংবাদিকের বাবা কাজী হাবিবুরকে তুলে নিয়ে যায়। পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে ওইদিনই অগ্রণী ব্যাংক থেকে দাবি মোতাবেক টাকা উত্তোলন করে যুবদল নেতাকে প্রদান করলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় কাজী হাবিবুর রহমানের ছেলে নাহিদ হাসান বলেন, ঘটনার পর বিষয়টি মীমাংসা করে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। মামলা করলে পরবর্তীতে কী হতে পারে, সে বিষয়েও তাকে ভয় দেখানো হয়। কারও রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় না নিয়ে ঘটনার বিচার চেয়ে মামলা দায়ের করেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, মো. হাবিবুর রহমান কাজী পেশায় নিয়োজিত আছেন। তিনি মুন্সীগঞ্জ শহরের কাটাখালী এলাকায় প্রায় ২০ বছর ধরে নিকাহ পড়ানো ও বিবাহ নিবন্ধনের কাজ করে আসছেন। গত ১ অক্টোবর নিজের কাজী অফিসে ওই যুবদল নেতার সহযোগী স্বপনের স্ত্রী ইতির (২৫) তালাক নিবন্ধন করেন।
ওসি আরো জানান, ওই চাঁদা আদায়ের ঘটনায় সোমবার রাতেই হাবিবুর রহমান যুবদল নেতা রাজিবসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫-৬ জনের নামে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে রাতেই মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে সহযোগীসহ যুবদল নেতাকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে মঙ্গলবার সকালে মামলা রুজু করে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেন।
সময়ের আলো/আতা