ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. ইয়াকুব (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইয়াকুবের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়া এলাকায়। তিনি আব্দুল বারেকের ছেলে।
নিহতের ভাই মো. ইউসুফ জানান, ইয়াকুব পেশায় ভূমি ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আবদুল্লাহপুর এলাকায় একটি জমি দেখতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সময়ের আলো/আতা