বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা চলছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় দিনে রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানায়, অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব এবং স্বয়ং-অনুঘটক বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ হেনরি বি. কাগান ও কেনসো সোয়াইকে রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
এর আগে গত সোমবার (৫ অক্টোবর) নোবেল পুরস্কার ঘোষণার প্রথম দিনে চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল।
নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানায়, আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স-সংক্রান্ত আবিষ্কারের জন্য তাদের চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। এ পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন।
নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানায়, আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং জ্যোতির্বৈজ্ঞানিক উৎস থেকে উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ফ্রান্সিস হ্যালজেনকে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯৪৪ সালের ২৩ মার্চ বেলজিয়ামের তিয়েনে জন্মগ্রহণ করেন ফ্রান্সিস হ্যালজেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনে কর্মরত।
নোবেল পুরস্কারের সূচি অনুযায়ী, বুধবার রসায়নের পর বৃহস্পতিবার সাহিত্যে এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। বাকি বিভাগগুলোর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে।
ডিনামাইটের উদ্ভাবক সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা উল্লেখ ছিল। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার চালু করা হয়।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে বিজয়ীরা অর্থ, সনদ ও স্বর্ণপদক পাবেন।
সময়ের আলো/এসএকে