মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চাচাতো ভাইয়ের সঙ্গে খেলার সময় তার করা আঘাতে মাহিদ (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে বলে অবিযোগ উঠেছে। বুধবার (৮ অক্টোবর) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাহিদ ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিন বিকেলে সমবয়সীদের সঙ্গে স্থানীয় স্কুল মাঠে খেলতে যেত মাহিদ। তবে, গত কয়েকদিন ধরে খেলতে গেলেই তাকে মারধর করা হতো বলে পরিবারের অভিযোগ। গত কিছুদিনের মধ্যে দুবার তার সমবয়সীরা ধারালো কাঁচি ও ইট দিয়ে মাহিদের মাথায় আঘাত করে, যার ফলে তার মাথায় ৫টি সেলাই লাগে।
শিশুটির মামা নুরুদ্দিন বলেন, ‘সর্বশেষ ৬ অক্টোবর সমবয়সীদের মধ্যে মাহিদের চাচাতো ভাই আরাবি ভাঙা টাইলস দিয়ে মাহিদের মাথায় আঘাত করলে রক্তক্ষরণ শুরু হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাসায় নেওয়া হয়েছিল। তবে, অবস্থার অবনতি ঘটলে বুধবার তাকে হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাচাতো ভাইয়ের মারধরেই মাহিদের মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।’
অন্যদিকে, নিহতের চাচা আব্দুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘বাচ্চাদের খেলাধুলার সময় অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে। আমরা চার ভাই, নিহত মাহিদ আমার ভাই আল-আমিনের ছেলে, যে আঘাত করেছে সে আরেক ভাই রুহুল আমিনের ছেলে আরাবি। কয়েক দিন আগে আরও দুটি শিশু মাহিদকে মারধর করেছিল। সে মূলত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সময়ের আলো/মহু