নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামে এক জার্মান নাগরিকের হারানো ব্যাগ উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাত থেকেই পুলিশের অভিযান চলছে বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হলুদ কটি পরিহিত এক যুবক জার্মান নাগরিক ক্রিলের সঙ্গে কৌশলে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে সুযোগ বুঝে নিজের পরিহিত কটিটি খুলে তার ভেতরে ব্যাগটি লুকিয়ে সটকে পড়েন ওই যুবক।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পর থেকেই রাতভর ব্যাগটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। ইতিমধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং চুরি হওয়া ব্যাগটি উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
সময়ের আলো/ইউএমএইচ