হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ম অমান্য করা জাহাজের বিরুদ্ধে প্রতি রাতেই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান আলী মোহাম্মাদি।
ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মাদি বলেন, যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই হরমুজ প্রণালিতে ‘সম্পূর্ণ ও নিরঙ্কুশ’ নজরদারি বজায় রেখেছে আইআরজিসি নৌবাহিনী। একই সঙ্গে সেখানে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান অব্যাহত থাকবে।
হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন কত পরিমাণ তেল পরিবহন হচ্ছে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া হিসাবও প্রত্যাখ্যান করেন তিনি। তার দাবি, প্রতিদিন ৩০ লাখ থেকে ৮০ লাখ ব্যারেল তেল পরিবহনের যে হিসাব দেওয়া হচ্ছে, তা সঠিক নয়।
মোহাম্মাদি এসব পরিসংখ্যানকে ‘গণমাধ্যমের অনুমান’ বলে উল্লেখ করেন। তার অভিযোগ, তেলের দাম কমানো এবং বাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যে এ ধরনের হিসাব প্রচার করা হচ্ছে।
আইআরজিসির এই কর্মকর্তা আরও বলেন, হরমুজ প্রণালির যেকোনো স্থানে তাদের নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে ইরানের নৌবাহিনীর। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি।
তবে মোহাম্মাদির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সময়ের আলো/জেডি