গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) এক জুনিয়র শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে আইন ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ ও প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আইন বিভাগের অভ্যন্তরীণ বিরোধ ও এক শিক্ষার্থীকে গালিগালাজ নিয়ে ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, পরিসংখ্যান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জায়েদ জামান ও তার মেজো ভাই আইন বিভাগের শিক্ষার্থী অয়েজ জামানকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করেন আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। পরে বিষয়টি দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত আড়াইটা পর্যন্ত শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দফায় দফায় বৈঠকে বসেন। এ সময় আইন বিভাগের শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের দিকে এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পরে প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী জায়েদ জামান বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আইন বিভাগের ইমরান, জনি, সাইমুম, জয় শিকদার, মেহেদী, সাজিদ ও রাফি এবং সমাজবিজ্ঞান বিভাগের বিপ্র নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে মারধর ও লাঞ্ছিতের সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান বলেন, খুবই তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন। আগামী সোমবার বিকেল চারটার মধ্যে ঘটনার তদন্ত করে নিরপেক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই