টেস্ট হোক কিংবা ওয়ানডে, তানজিদ হাসান তামিমের ব্যাটিংয়ে আক্রমণাত্মক মেজাজটা যেন একই থাকে। প্রতিপক্ষের বোলারদের চাপে রেখে খেলতেই পছন্দ করেন বাঁহাতি এই ওপেনার। এবার আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টেও সেই চেনা ছন্দে ব্যাট করে মাত্র ৪১ বলে তুলে নিয়েছেন ফিফটি।
আবুধাবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করছেন দুই ওপেনার তানজিদ ও সাদমান ইসলাম। তাঁদের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ।
সাদমান ব্যক্তিগত ১৫ রানে থাকতেই ক্যাচ দিয়েছিলেন। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আফগান ফিল্ডার। জীবন পেয়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন বাংলাদেশের এই ওপেনারও।
অন্য প্রান্তে ঝড় তুলেছেন তানজিদ। দ্রুত রান তুলে ৪১ বলেই পৌঁছে গেছেন অর্ধশতকে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭০ রান। তানজিদ ৫০ এবং সাদমান ১৫ রানে অপরাজিত আছেন।
সময়ের আলো/জেডি