শান্তিতে নোবেল দেওয়ার কয়েক ঘণ্টা পর আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আদালতটির সাবেক এক বিচারক শান্তিতে নোবেল পুরস্কার

2026-10-10T04:23:00+00:00
2026-10-10T04:23:00+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
শান্তিতে নোবেল দেওয়ার কয়েক ঘণ্টা পর আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:২৩ এএম 
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আদালতটির সাবেক এক বিচারক শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াশিংটন এ পদক্ষেপ নিল। এতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন আইসিসির ডেপুটি প্রসিকিউটর নাজহাত শামিম খান। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ করা যাবে না।

বার্তা সংস্থা রয়টার্সকে নাজহাত শামিম খান বলেন, আন্তর্জাতিক আইনের শাসন ও স্বাধীন বিচারিক প্রতিষ্ঠানের কার্যক্রমে আঘাত হানতেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে আইসিসির সব পরিস্থিতি, তদন্ত ও বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে।

২০০২ সালে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার করতে প্রতিষ্ঠিত হয় আইসিসি। বর্তমানে আদালতটির সদস্য ১২৫টি দেশ। যুক্তরাষ্ট্র ও তুরস্ক ছাড়া ন্যাটোর সব সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের সব দেশ এর সদস্য। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই আদালতটির বিরোধিতা করে আসছে। এর আগে আইসিসির প্রসিকিউটর ও বিচারকদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।

এবারের নিষেধাজ্ঞার আওতা আরও বিস্তৃত। এর ফলে আইসিসিকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া কোম্পানিগুলোও শাস্তির মুখে পড়তে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আন্তর্জাতিক অপরাধ আদালতকে মার্কিন নাগরিকদের বিচার করতে দেবেন না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আইসিসির সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করবে, আদালতটির সম্পদ জব্দ করবে এবং এর স্বাভাবিক কার্যক্রম অচল করে দেবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই আইসিসির ওপর ক্ষুব্ধ ওয়াশিংটন। এ ছাড়া আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে আদালতের একটি তদন্ত নিয়েও যুক্তরাষ্ট্রের আপত্তি ছিল। পরে ওই তদন্ত বন্ধ করে দেয় আইসিসি।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার আইনজীবী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত আইসিসির আপিল বিভাগের বিচারক ছিলেন।

নোবেল কমিটি বলেছে, আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠান ও বিচারকেরা যখন রাজনৈতিক আক্রমণের মুখে, তখন এ স্বীকৃতি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। যুদ্ধাপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক আইনি ব্যবস্থা অপরিহার্য বলেও উল্লেখ করেছে কমিটি।


মার্কিন নিষেধাজ্ঞার ফলে আইসিসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বন্ধ, বিমা সুবিধা বাতিল এবং প্রযুক্তিগত সহযোগিতা স্থগিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এমন পরিস্থিতি মোকাবিলায় আদালতটি বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল। কম্পিউটারে মাইক্রোসফটের বদলে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিকল্প ব্যাংকিং ও স্বাস্থ্যবিমার ব্যবস্থাও খোঁজা হয়েছে।

মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকরের ক্ষেত্রে প্রাথমিকভাবে ছয় মাসের ছাড় এবং নির্দিষ্ট কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। টেলিযোগাযোগ, সফটওয়্যার, পেনশন প্রদান ও বন্দিদের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনে সাময়িক ছাড়ের সুযোগ থাকবে।

রুবিওর ভাষ্য, যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনে আইসিসি ও এর সদস্য দেশগুলোকে সুযোগ দিতেই এসব ছাড় রাখা হয়েছে। তবে ওয়াশিংটনের দাবি পূরণ না হলে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হতে পারে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নোবেল  আইসিসি  মার্কিন নিষেধাজ্ঞা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: