সমাজ ও পরিবারে নারীদের সম্মান বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড দিয়েছেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি জিলানী বলেন, বাংলাদেশে গত ১৭ বছর একটি ফ্যাসিবাদী সরকার দেশের প্রত্যেকটি অর্থনৈতিক ভিত ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। অর্থনৈতিক দিকটা চিন্তা করেই পর্যায়ক্রমে প্রত্যেক পরিবারকে কার্ড দেওয়ার চিন্তা করেছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। আমাদের দেশের অর্থনীতি যদি ভালো থাকত, সকল পরিবারকে একবারে কার্ড দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হত। তবে বর্তমান সরকারের দক্ষতায় অর্থনীতির অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএন