মা-বোনদের কাছে বেহেশতের খবর জানতে চান বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা বাবু সোমনাথ দে। তিনি বলেন, বেহেশতের কথা বলে যারা আপনাদের ভোট নিয়েছে তারা আজ কোথায়। রোববার (১১ অক্টোবর) সকালে বাগেরহাটের পুটিখালীতে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
বাবু সোমনাথ দে বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী ৬ মাসের লাঞ্চ বিল হয়েছে ৩৫ কোটি টাকা। এখানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিদিনের লাঞ্চ খরচ মাত্র দেড়শ টাকা। তিনি প্রশ্ন রেখে বলেন সাবেক প্রধানমন্ত্রী কি তাহলে সোনা খেয়েছেন। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। দলীয় পরিচয়ে কেউ যেন কোনো ধরনের অপকর্মে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক বার্তা দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। সভাপতিত্ব করেন ৩ নম্বর পুটিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিদ ফরাজি।
অনুষ্ঠান পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফকির রাসেল আল-ইসলাম ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আজিম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এফ এম শামীম আহসান, সহসভাপতি মতিউর রহমান বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সময়ের আলো/আতা