কুমিল্লায় আলোচিত জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রাজুকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।
এর আগে রোববার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাজমিনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দেন এই কথিত প্রেমিক রাজু।
রাজুর দাবি, রাতে তাজমিন কুমিল্লা শহরের বাসায় গিয়ে প্রধান ফটক বন্ধ দেখতে পায়। পরে মা-বাবাকে ফোন করেও সাড়া না পেয়ে বিষয়টি তাকে জানায়।
রাজুর ভাষ্যমতে, বাসায় ঢুকতে না পেরে তাজমিন এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানালে রাজু তাকে ভিডিও কল করেন। সে সময় তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় দেখতে পেয়ে তাকে বকাঝকা করেন তিনি।
তার দাবি, বকাঝকার পরপরই তাজমিন ফোন কেটে দেয়। এরপর খুদে বার্তা পাঠিয়ে তাকে চিন্তা না করতে বলে এবং সকালে বাসায় ফিরে যাওয়ার কথা জানায়।
রাজু আরও জানান, এরপর তিনি তাজমিনের কাছে জানতে চান যে সে আসলে কাকে ফোন করেছিল। জবাবে তাজমিন এক বন্ধুকে ফোন করার কথা বলে। রাজুর মতে, তাজমিন মূলত সেই সিএনজিচালকের কথাই বলতে চেয়েছিল বলে এখন তার মনে হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় তাজমিন। পরদিন সকালে ভোলারজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সুমনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডের আগে তাজমিনের যাতায়াত ও যোগাযোগ নিয়ে তদন্ত চলছে।
সময়ের আলো/আতা