ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন ঘিরে আটক হওয়ার পর ‘এক বছর শান্তি ভঙ্গ করবেন না’—এমন শর্তে মুক্তি দেওয়ার যে খবর ছড়িয়েছে, তার প্রতিবাদ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতা অভিজিৎ দীপকে। মুক্তি পাওয়ার পর রোববার এক্সে দেওয়া পোস্টে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দীপকে বলেছেন, রাজপথে প্রতিবাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে—এমন কোনো মুচলেকায় তিনি স্বাক্ষর করেননি।
পোস্টে দীপকে লেখেন, ‘আমরা প্রতিবাদ জানাতে পারব না, এমন কোনো মুচলেকায় সই করিনি। আমরা আবারও রাজপথে নামব।’
এর আগে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছিল, আগামী এক বছর শান্তি ভঙ্গ করবেন না—এমন মুচলেকায় রোববার সকালে আদালত সিজেপির তিন শীর্ষ নেতা দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারাকে মুক্তি দিয়েছে। দিল্লির নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের মুক্তির আদেশ দেন।
সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে শনিবার মুম্বাই থেকে আকাশপথে দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকেই অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারাকে আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ। রোববার সকালে তাঁদের দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী হাকিম আদালতে হাজির করা হলে মুক্তির আদেশ আসে।
সময়ের আলো/ইউএমএইচ