বেড়ায় কৃষি প্রণোদনা থেকে বঞ্চিত চরাঞ্চলের কৃষকরা, ক্ষোভ প্রকাশ জনপ্রতিনিধিদের

বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

সরকারি কোনো সাহায্য-সহযোগিতা না পেলেও থেমে নেই পাবনার বেড়া উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের কৃষকদের সংগ্রাম। সরকারি প্রণোদনার আশায় বসে না থেকে

2026-10-12T09:57:28+00:00
2026-10-12T09:57:28+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
বেড়ায় কৃষি প্রণোদনা থেকে বঞ্চিত চরাঞ্চলের কৃষকরা, ক্ষোভ প্রকাশ জনপ্রতিনিধিদের
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:৫৭ এএম 
বিস্তীর্ণ চরাঞ্চলের কৃষক কাজ করছেন। ছবি : সময়ের আলো
সরকারি কোনো সাহায্য-সহযোগিতা না পেলেও থেমে নেই পাবনার বেড়া উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের কৃষকদের সংগ্রাম। সরকারি প্রণোদনার আশায় বসে না থেকে নিজস্ব অর্থায়নেই বীজ ও সার কিনে তারা নেমে পড়েছেন চাষাবাদে। উপজেলার বিভিন্ন চরাঞ্চলে এখন মাষকলাই, মুড়িকাটা পেঁয়াজ ও রকমারি শাকসবজি চাষের ধুম পড়েছে। তবে মাঠপর্যায়ে সরকারি প্রণোদনা না পৌঁছানোয় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা।

সরেজমিনে উপজেলার চর সাঁড়াশিয়া ও চর নাগদাহ গ্রাম ঘুরে দেখা যায়, শত শত বিঘা জমিতে কৃষকরা মাষকলাই, পেঁয়াজ, পটল, শসা, লালশাক, পালংশাক ও মূলাশাক পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কিন্তু চরাঞ্চলের কৃষকদের দাবি, সরকারের কৃষি সহায়তা খাত থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত।

চর সাঁড়াশিয়া গ্রামের কৃষক হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃষি অফিসের প্রণোদনার আশায় বসে থাকলে আমাদের চাষাবাদই বন্ধ হয়ে যেত। মাঝে মাঝে কিছু লোকদেখানো মাঠকর্মী এসে ঘুরে যান, কিন্তু বাস্তবে আমাদের কোনো উপকারেই আসেন না।

একই সুর স্থানীয় জনপ্রতিনিধিদের কণ্ঠেও। চর নাগদাহ গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা জানান, চরাঞ্চলের কৃষকরা সরকারি কোনো প্রণোদনাই পাচ্ছেন না। অন্যদিকে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমান জানান, তার ওয়ার্ডের অন্তর্গত চর পেচাকোলা ও চর নাকালিয়া অঞ্চলের কৃষকরা সব ধরনের সরকারি সুবিধা থেকে বঞ্চিত।


বিষয়টি নিয়ে জানতে চাইলে হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরকার বলেন, চলতি বছর কৃষি অফিস কোনো কৃষককে প্রণোদনা দিয়েছে কি না তা আমার জানা নেই। প্রণোদনা বিতরণের ক্ষেত্রে কৃষি অফিস থেকে ইউনিয়ন পরিষদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করা হচ্ছে না।

জনপ্রতিনিধি ও কৃষকদের এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির। তিনি জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেই প্রণোদনা বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে ইতোমধ্যে প্রায় তিন হাজারেরও বেশি কৃষকের মাঝে পেঁয়াজ, সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।

চরাঞ্চলের কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, দুর্গম এলাকা হওয়ায় অনেক কৃষক সময়মতো প্রণোদনা নিতে আসেন না। তাছাড়া চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় সব কৃষককে একযোগে সুবিধা দেওয়া সম্ভব হয় না। তবে আগামীতে যেন চরাঞ্চলের আরও বেশি কৃষক এর আওতায় আসতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে আরও জানা গেছে, চলতি মৌসুমে বেড়া উপজেলায় ২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ কন্দ, ৮৯০ হেক্টরে শাকসবজি, ১২৫ হেক্টরে রবি মাষকলাই এবং ২ হাজার ২৩৫ হেক্টর জমিতে খরিপ-২ মাষকলাই চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পাবনা  বেড়া  কৃষি প্রণোদনা  বঞ্চিত  চরাঞ্চলের কৃষক  ক্ষোভ প্রকাশ  জনপ্রতিনিধি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: