রাজধানীর টিকাটুলিতে দোয়েল পরিবহনের একটি বাসের চাপায় রিনা রানী ঘোষ (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলি ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, দুপুরে টিকাটুলি ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন রিনা রানী। এ সময় অন্য একটি বাসকে ওভারটেক করার সময় দোয়েল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর দোয়েল পরিবহনের বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই আবু বক্কর।
নিহত রিনা রানী ঘোষের স্বামী বিশ্বজিত ঘোষ জানান, তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। বর্তমানে তারা দুই ছেলেকে নিয়ে রাজধানীর ওয়ারীর কে এম দাস লেনের স্বামীবাগ এলাকায় থাকেন। বিশ্বজিত ঠাটারী বাজারে মাছ কাটার কাজ করেন। আর রিনা বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
বিশ্বজিত জানান, ঘটনার দিন ছোট ছেলে পিথু ঘোষকে নবাবপুরের একটি স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরছিলেন রিনা। পথে টিকাটুলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় তার মৃত্যু হয়।
সময়ের আলো/জেডি